বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চৰ্চা তুঙ্গে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও (Government Employees) বর্তমানে ডিএ-র অপেক্ষায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ২০২৬ সালের জানুয়ারিতে ডিএ ও ডিআর বৃদ্ধির জন্য অপেক্ষা করে আছেন। তবে এপ্রিল মাস শুরু হয়ে গেলেও এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। কারণ কী?
ডিএ কবে বাড়বে? অপেক্ষায় সকলে | Dearness Allowance
নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়, কিন্তু এবার এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি। মার্চ মাসে কোনও ঘোষণা না আসায় উদ্বেগ তৈরি হয়েছে কর্মচারীমহলে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটি অস্বাভাবিক কিছু নয়।
কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ভিশন অফিসার প্রতীক বৈদ্য এ বিষয়ে বলেন, এই প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সূচী অনুসরণ করে। তার কথায়, “সাধারণত জানুয়ারির মহার্ঘ ভাতা ঘোষণাগুলি মার্চের দিকে অনুমোদন পায়, যখন মুদ্রাস্ফীতির চূড়ান্ত তথ্য পাওয়া যায় এবং অভ্যন্তরীণ অনুমোদন সম্পন্ন হয়।” সময়ের দিক থেকে এতে তেমন কোনও দেরি হয়নি বলে মত তার।
বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতিও ডিএ-র ক্ষেত্রে সময় নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, “ডিএ নিয়ে সরকার দ্রুত ঘোষণা না করে বরং ধাপে ধাপে তা করতে চাইবে।” সরকার তাড়াহুড়ো না করে এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো ধীরে-সুস্থে নিচ্ছে, যদিও হিসাব-নিকাশ আগে থেকেই করা আছে বলে মনে করা হচ্ছে।
কতটা ডিএ বৃদ্ধির সম্ভাবনা?
শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ) অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমান ৫৮% থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০% হতে পারে। বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার।

আরও পড়ুন: নিরাপদ নয় পাউরুটি! NASA-র নির্দেশিকা মেনে মুন মিশনে মহাকাশচারীদের মেনুতে বড় চমক
আবার কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে ডিএ-র আনুমানিক বৃদ্ধি সম্ভবত ৩% থেকে ৪% হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, সবটাই জল্পনা। অতীতের প্রবণতা এবং একাধিক সূত্র অনুযায়ী, ডিএ বৃদ্ধির ঘোষণাটি এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কর্মচারী ও পেনশনভোগীদের হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।












