বাংলা হান্ট ডেস্কঃ যুবসাথী প্রকল্পে (Yuba Sathi) আবেদন করার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই নিয়ে কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল। কেউ বলছিল দেরি হচ্ছে, কেউ আবার বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায়। অবশেষে পুরুলিয়ায় প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন, কেন এমনটা হচ্ছে এবং যাঁরা এখনও টাকা পাননি তাঁদের কী করতে হবে।
যুবসাথী (Yuba Sathi) টাকা না পাওয়ার কারণ কী?
পুরুলিয়ার মানবাজারে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আবারও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। সেই সময়েই যুবসাথী (Yuba Sathi) নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই টাকা কোনও ভিক্ষা নয়। পড়াশোনা শেষ করে কলেজে ওঠার পর অনেক ছেলেমেয়ের হাতখরচের প্রয়োজন হয়। যতদিন না তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন এই টাকা তাদের সাহায্য করবে।
তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা (Yuba Sathi) পৌঁছয়নি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কিছু ক্ষেত্রে আবেদন ‘ডুপ্লিকেট’ হয়ে গেছে। অর্থাৎ একই ব্যক্তির নামে একাধিক আবেদন থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, যাঁদের এই সমস্যা হয়েছে তাঁদের ডেকে সংশোধন করা হবে। ঠিকঠাক তথ্য ঠিক করে নেওয়ার পর তাঁদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। তাই যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তা না করারই পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ ভোটার তালিকায় ‘নাম উধাও’ আতঙ্ক! তৃতীয় তালিকা প্রকাশের পর বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন
অন্যদিকে, এই প্রকল্প (Yuba Sathi) নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। বিরোধীরা অভিযোগ করছে, চাকরির বদলে ভাতা দিয়ে ভোটের আগে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে সরকার। যদিও সরকারের দাবি, এটি শুধুই যুবকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ।
















