বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ছন্দে রয়েছেন একসময় ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ২২ গজে দাপিয়ে বেড়ানো তারকা ফাস্ট বোলার মহম্মদ সামি (Md. Shami)। ২০২৫ সালের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শেষবার ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন এই তারকা পেসার। তারপর চোটের কারণে তিনি দল থেকে বাদ পড়েন। কিন্তু পরে সুস্থ হয়ে একাধিকবার ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে ধারাবাহিকভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। কিন্তু তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাকে ফের একবার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ দিচ্ছে না।
এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারকা পেসার। এইমুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে তাকে নিয়ে ভাবছে না সেই বিষয়টা তার কাছেও দিনের আলোর মতোই স্পষ্ট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের নতুন নির্বাচক কমিটির সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে সামি সরাসরি জানান যে দীর্ঘদিন ধরে তিনি দলে নেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিও নেই আপাতত, তাই তার সাথে কারোর যোগাযোগও নেই।

সামির ফিটনেস প্রসঙ্গে অনেক নিন্দুকরা প্রশ্ন তুলে থাকেন। ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফি বা এইমুহূর্তে চলতে থাকা রঞ্জি ট্রফিতে তাকে তার দলের অধিনায়করা সুস্থ রাখার জন্য ছোট ছোট স্পেলে বোলিং করাচ্ছেন, এমন দাবি মাঝে সামনে এসেছিল। এবার এই নিন্দুকদের উদ্দেশ্যেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
সামি সরাসরি বলেছেন, “কেউ যদি বলে থাকে যে আমি কেবল তিনটি ওভার ধরেই টানা বোলিং করেছি, তবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমি চার, পাঁচ, ছয় বা সাত ওভারের স্পেলেও বোলিং করেছি। হয়তো বিষয়টি অনেকের নজরে পড়েনি। আর যদি কারোর কোনও সন্দেহ থাকে, তবে আমি তাদের স্ক্রিনশট পাঠিয়ে দেব।”
আরও পড়ুন: বড় ধাক্কা খেলো BCCI! আগামী মে মাসের আগে নীল জার্সিতে পাওয়া যাবে না ভারতীয় দলের এই তারকাকে
কিছুদিন আগে দলীপ ট্রফির মঞ্চে পূর্বাঞ্চলের হয়ে তিনি ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। তারপর রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন দিল্লির বিরুদ্ধে। তুলনামূলক দুর্বল সার্ভিসেসের বিরুদ্ধে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতীয় দলে প্রত্যাবর্তনের কথা না ভেবে আপাতত নিজের কাজটা মনোযোগ দিয়ে করে যেতে চান সামি।














