বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে শনিবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। সেই সভার মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন এক মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। ‘ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন’ বলেই মমতাকে উল্লেখ করেন তিনি।
কী বললেন মিঠুন (Mithun Chakraborty)?
ব্রিগেডের সভামঞ্চে প্রধানমন্ত্রী মোদী পৌঁছনোর আগেই বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানে তিনি বলেন, অনেকেই আপত্তি জানালেও তিনি এখনও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম দশজন রাজনীতিকের মধ্যে একজন। তবে কেন এমন কথা বলছেন, সেই ব্যাখ্যাও দেন তিনি।
মিঠুনের (Mithun Chakraborty) দাবি, একটি সমাজের মেরুদণ্ড ভাঙতে কী কী প্রয়োজন, তা মমতা ভালো করেই জানেন। তাঁর অভিযোগ, রাজ্যে শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো, দুই ক্ষেত্রেই ক্ষতি হয়েছে। মমতার নাম সরাসরি উচ্চারণ না করেই তিনি বলেন, সমাজকে ভেঙে দেওয়ার জন্য এই দুই ব্যবস্থাই শেষ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, তিনি অনেক মুখ্যমন্ত্রী দেখেছেন, কিন্তু এরকম আর কাউকে দেখেননি।
এদিন নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গেও কথা বলেন মিঠুন (Mithun Chakraborty)। একসময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং রাজ্যসভার সাংসদও হন। পরে সেই পদ থেকে ইস্তফা দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর গত কয়েক বছরে বিভিন্ন সময় শাসক দলকে আক্রমণ করতে দেখা গেছে তাঁকে।
ব্রিগেডের সভা থেকে এদিন আরও একটি দাবি করেন মিঠুন। তাঁর কথায়, যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে বিজেপির ক্ষমতায় আসা আটকানো যাবে না। তিনি বলেন, পুলিশকে নিরপেক্ষ থাকতে বলা হলে ৩০ মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যাবে।

বক্তৃতার শেষে এদিন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে। সেই প্রতিশ্রুতি তিনি গ্যারান্টি দিয়েই দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।












