বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ বড় রাজনৈতিক সমাবেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষে এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। শুধু রাজনৈতিক জনসভাই নয়, প্রশাসনিক কর্মসূচিও রয়েছে এই সফরে। পাশাপাশি সভায় আসা বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের জন্য বড় আকারের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
আজ কী কী কর্মসূচি রয়েছে মোদীর (Narendra Modi)?
শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বেলা ১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা তাঁর। সেখান থেকে ১টা ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরে প্রথমে একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে। মূল সভামঞ্চের একটু পিছনের দিকে মাঠের একপাশে এই কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী সেখান থেকেই একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।
এরপর দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ মঞ্চে উপস্থিত হবেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সভায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এই সমাবেশকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনাও করা হয়েছে। সভায় আসা বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের জন্য বড় আকারের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কী কী খাবার থাকছে মেনুতে?
জানা গেছে, প্রায় ১ লক্ষ মানুষের জন্য রান্না করা হয়েছে। রান্নার জন্য আলাদা তিনটি সেগমেন্টে কাজ চলছে। মেনুতে রাখা হয়েছে ভাত, সবজি ও ডাল। জেলা থেকে কর্মীরা দল বেঁধে ব্রিগেডে পৌঁছবেন। তাঁদের থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। অনেকেই আগে এসে খাবার সেরে ব্রিগেডে যাবেন, আবার ফেরার সময়ও এখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। এরপর সেখান থেকেই ট্রেনে বাড়ি ফিরবেন কর্মীরা।

আরও পড়ুনঃ অষ্টম পে কমিশনে বড় প্রশ্ন! DA কি শূন্য থেকে শুরু হবে, নাকি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে?
এদিকে ব্রিগেডের মঞ্চেও দেখা যাচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। মঞ্চসজ্জায় ব্যবহার করা হয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প, পাশাপাশি পটচিত্র, কীর্তন ও বাউল সংস্কৃতির নানা উপাদান। মঞ্চে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া দার্জিলিঙের চা বাগান থেকে শুরু করে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি, বিভিন্ন শিল্প ও ঐতিহ্যের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এদিনের মোদীর (Narendra Modi) ব্রিগেড সভার মঞ্চে।













