ইস্টবেঙ্গলের উচিত আমাদের ভয় পাওয়া! IFA শিল্ড ফাইনালের আগে হুঙ্কার মোহনবাগান কোচের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একটি টুর্নামেন্টের ফাইনাল, ফের একটি কলকাতা ডার্বি (Kolkata Derby)। চলতি মরশুমের শুরুতেই আরও হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি বঙ্গ তথা ভারতীয় ফুটবলের সেরা দুই ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ড ফাইনালের পরে চলতি আইএফএ শিল্ডের (2026 IFA Shield) ফাইনালেও ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) দ্বৈরথ উপভোগ করতে চলেছেন ফুটবল প্রেমীরা।

চলতি মরশুমে ছন্দে ফেরার মরিয়া লড়াই চালাচ্ছে মোহনবাগান। সিনিয়র ফুটবলারদের খেলিয়ে কলকাতা লিগ জয় করলেও ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে লজ্জার হার উপহার পেয়েছিল সবুজ-মেরুণ শিবির। কিন্তু সেই অধ্যায় এখন অতীত। পূর্ণশক্তির দল নিয়ে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছেছে মেরিনার্সরা। তেকাঠির নীচে অনবদ্য ফর্মে রয়েছেন গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে তার দক্ষতা মোহনবাগানকে যে কত গুরুত্বপূর্ণ ম্যাচে জেতাচ্ছে তা সকলেই জানেন। তবে ফাইনাল ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া যে তাদের উদ্দেশ্য নয়, সেটা স্পষ্ট করে দিয়েছে মোহনবাগান শিবির। ডুরান্ড ফাইনালের স্মৃতি ভুলে এই ম্যাচে স্বদম্ভে নিজেদের ফেভারিট ঘোষণা করে দিলেন গতবারের শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান দলের কোচ পানাগিওটিস ডিলেমপেরিস।

 

অপরদিকে ডুরান্ড জেতার পর এসিএল টু-তেও অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়নরা আগের মরশুমে টাইব্রেকারে হেরেছিল শিল্ড ফাইনাল। এই ম্যাচে অবশ্য ডুরান্ড ফাইনালের কথা মাথায় না রেখে নতুন করে লড়াই শুরু করতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। টুর্নামেন্টের গ্রূপপর্বে পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল তাদের। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড-কে ৭-২ ফলে উড়িয়ে ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছে লাল হলুদ শিবির।

আরও পড়ুন: কেন বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা? লিওনেল মেসির বিদায়ী বক্তব্যে ফাঁস হলো আসল রহস্য

তবে ইস্টবেঙ্গলের বর্তমান ফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন না মোহনবাগান কোচ। বৃহস্পতিবারের ফাইনালের আগে তার দল নিয়ে প্রতিপক্ষের দুশ্চিন্তা করা উচিত বলে ঘোষণা করলেন তিনি। সেইসঙ্গে জাতীয় দল থেকে ক্লাবের অনুশীলনে ফেরা ফুটবলারদের খেলানোর ইঙ্গিতও দিয়ে রাখছেন বাগান কোচ। তিনি সরাসরি প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলেন, “আমার দলে সাহাল আছে যে হ্যাটট্রিক করেছে। মনবীর ও ছাংতে আছে যারা হ্যাটট্রিক করেছে। প্রতিপক্ষের উচিত আমার এই ফুটবলারদের নিয়ে আলাদা করে চিন্তা করা।” প্রসঙ্গত, এই ফুটবলারদের প্রত্যেকেই জাতীয় শিবিরে ব্যস্ত থাকায় শিল্ডের সেমিফাইনাল খেলেননি। ৬ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেললেও সরাসরি তাদের মূল একাদশে অন্তর্ভুক্ত করার আভাস দিয়ে রাখলেন ডিলেমপেরিস।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে আবেগে ভাসলেন লিও মেসি, পেলেন গোল, সতীর্থদের গোলও করালেন!

অপরদিকে তার দল ভালো ছন্দে থাকলেও সর্তক হয়েই পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বললেন, “আমরা ডার্বির জন্য ১০০ শতাংশ প্রস্তুত। ডুরান্ড ফাইনাল আমাদের কাছে অতীত, আগামীকাল আবার নতুন ভাবে শুরু করতে হবে। আমরা পেশাদার, আমাদের চিন্তাভাবনায় এখন শুধুই ডার্বি। এএফসির ম্যাচের প্রস্তুতির জন্য আরও ৪ দিন সময় পাবো। যদিও জাতীয় দল থেকে ফেরা ফুটবলাররা আগামীকাল কতটা খেলতে পারবে সেই নিয়ে আমি সন্দিহান। এই নিয়ে আমি ফুটবলারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।”