বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ম্যাচে ড্র করে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরলো মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা লিগে (CFL 2026)নিজেদের তৃতীয় ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে মাঠে নেমে শুরুতে অস্বস্তিতে ভুগলেও শেষপর্যন্ত বড় জয় পেয়ে গেলো সবুজ মেরুণ শিবির। এই ম্যাচ বাস্তব রায়ের জন্য ছিল দলকে ডুরান্ডের (Durand Cup 2026) কলকাতা ডার্বির (Kolkata Derby) জন্য প্রস্তুত করার মঞ্চ। তাই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে নিজেদের সেরা একাদশই নামিয়েছিলেন তিনি।
এদিন মোহনবাগানের হয়ে গোলরক্ষকের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ সিনিয়র দলের তারকা কিপার বিশাল কেইথ। ডিফেন্সে রাহুল ভেকে ও দীপেন্দু বিশ্বাসের জুটিকে নামিয়ে দিয়েছিলেন বাস্তব। মাঝমাঠ ও আক্রমণে কিয়ান, সায়নদের সঙ্গে জুড়ে দিয়েছিলেন অভিজ্ঞ অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদদের। একাদশ দেখে মনে হতে বাধ্য যে কলকাতা লিগ নয়, আইএসএলের কোনও মরণ বাচঁন ম্যাচে মাঠে নামছে সবুজ-মেরুণ শিবির।
কিন্তু নিজেদের পূর্ণশক্তির দেশীয় একাদশ নিয়েও কঠিন লড়াই লড়তে হয় মেরিনার্সদের। এদিন তাদের ম্যাচের প্রথম গোলটি এসেছে দ্বিতীয়ার্ধেরও অর্ধেক সময় অতিক্রান্ত হওয়ার পর। দীর্ঘ অপেক্ষার পর ৭৪ মিনিট নাগাদ দলের হয়ে প্রথম গোলটি করেন মনবীর। পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে দিতে ভুল করেননি অভিজ্ঞ পাঞ্জাবি তারকা।
আরও পড়ুন: অবসর নিয়ে জল্পনার মাঝেই বিধ্বংসী হিটম্যান! লর্ডসের মাটিতে ৩টি বিশ্বরেকর্ড গড়লেন রোহিত
মোহনবাগান এক গোল করতেই এরপর ভেঙে পড়ে কালীঘাট রক্ষণ। ৮২ তম মিনিটে সবুজ-মেরুণ শিবিরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তন্ময় ঘোষ। তার ঠিক দুই মিনিট পরে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দীপেন্দু বিশ্বাস। ফলস্বরূপ ৩-০ ফলে জিতে কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় জয়ের সরণিতে স্বাদ পেয়ে গেলো সবুজ-মেরুণ শিবির।
আরও পড়ুন: গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে চাপে ফেলে বিদায় এমবাপ্পের! ইংল্যান্ডের জয়ের দিন ভাঙলো পেলের রেকর্ডও
আগামী শনিবার থেকে ডুরান্ড কাপ অভিযান শুরু করবে মোহনবাগান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ কলকাতা লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে কলকাতায় পা রেখেছেন সবুজ-মেরুনের নতুন কোচ প্যানাজিওতিস দিলেম্পেরিসও। এদিন মোহনবাগান মাঠেও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তিনি। এই ডার্বিতে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী সবুজ-মেরুণ সমর্থকরা।













