বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগেই বোনাস বাড়ানোর ঘোষণা করা হয়েছিল, এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)।
বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে নবান্ন (Nabanna)?
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থাৎ, প্রায় ৬০০ টাকা বাড়ানো হয়েছে বোনাসের অঙ্ক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থ দপ্তরের অডিট শাখার সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারির মেমো অনুসারে সংশোধিত হার কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই বোনাস প্রদানে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন এবং নির্দিষ্ট খাত থেকেই এর ব্যয় বহন করা হবে।
উল্লেখ্য, নির্বাচনের দিন ঘোষণার আগে একাধিক আর্থিক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার কথা জানানো হয়। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। সাধারণত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এ ধরনের ঘোষণা করা যায় না বলেই আগেভাগেই এই সিদ্ধান্তগুলি জানানো হয়েছিল।

সেই ধারাবাহিকতাতেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্তও আগে ঘোষণা করা হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে বোনাস বাড়ানোর কথা জানায়। এবার নবান্নর (Nabanna) নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।












