বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে আবার রাজনীতির কেন্দ্রে উঠে এল নন্দীগ্রাম (Nandigram)। ১৪ মার্চ শহিদ দিবস ঘিরে শনিবার সকালে সেখানে কর্মসূচি করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে একই দিনে সোশ্যাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও তৃণমূল, দুই পক্ষেরই আলাদা কর্মসূচি ঘিরে নন্দীগ্রাম আবার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নন্দীগ্রামে (Nandigram) শহীদ বেদীতে মাল্যদান শুভেন্দুর
শনিবার সকাল ৯টা নাগাদ নন্দীগ্রামের (Nandigram) মালোপাড়ায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শহিদ বেদীতে মাল্যদান করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ভূমি আন্দোলনের নেতৃত্ব এবং বিজেপির একাধিক পদাধিকারী। শ্রদ্ধা জানানোর পর সেখান থেকেই বক্তব্য রাখেন শুভেন্দু। তিনি বলেন, “আমরা ১৪ই মার্চ ভুলতে পারি না। জমি-বাড়ি বাঁচানোর লড়াই ছিল নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে। ওই ঐতিহাসিক দিনটি আমরা ভুলিনি।”
এদিকে একই দিনে এক্স (X)-এ পোস্ট করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৯টার পোস্টে তিনি লেখেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।”
সূত্রের খবর, এদিন কিছু সময় পর অধিকারী পাড়ার শহিদ বেদিতেও শ্রদ্ধা জানাবেন রাজ্যের শাসকদলের নেতারা। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের পরিবহণমন্ত্রী ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পদাধিকারীদের। তবে তার আগে অধিকারী পাড়ায় কর্মসূচি করছেন শুভেন্দু অধিকারীরা। এরপর সোনাচূড়া শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবেন তারা।
অন্যদিকে বেলা ১১টা নাগাদ তৃণমূলপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে আলাদা কর্মসূচি হওয়ার কথা রয়েছে। প্রথমে ভাঙাবেড়া এলাকায় শহিদ স্মরণ করা হবে। এরপর অধিকারী পাড়া ও মাল পাড়ায়ও কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সমাবেশে বড় আয়োজন, ১ লক্ষ কর্মীর জন্য স্পেশাল খাবার! কী কী থাকছে আজকের মেনুতে? জানুন
প্রসঙ্গত, প্রতি নির্বাচনের আগে নন্দীগ্রাম (Nandigram) বারবারই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। ফলে জমি আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই এলাকা ফের একবার বঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।













