বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এবং পেনশন (Pension) সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতার বকেয়া এবং পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন কর্মীরা। এবার সেই দাবিগুলো পূরণ না হলে দেশজুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স (CCGEW)। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশে একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
অষ্টম পে কমিশন নিয়ে (8th Pay Commission) কী জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে?
সংগঠনের পক্ষ থেকে ক্যাবিনেট সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে তারা জানিয়েছে, অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) শর্তাবলী আরও কর্মীবান্ধব করতে হবে, পুরোনো পেনশন স্কিম (OPS) আবার চালু করতে হবে, ২০ শতাংশ অন্তর্বর্তীকালীন ত্রাণ দিতে হবে এবং কোভিড সময়ের আটকে থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতার বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হল অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাজের নিয়ম বা টার্মস অফ রেফারেন্স পরিবর্তন করা। তাদের বক্তব্য, বেতন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সময় কর্মচারী পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। না হলে সঠিকভাবে বেতন বৃদ্ধি সম্ভব হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হল, মহার্ঘ ভাতার (DA/DR) ৫০ শতাংশ অবিলম্বে মূল বেতন ও পেনশনের সঙ্গে যোগ করতে হবে। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশন ২০২৫ সালের নভেম্বরে গঠন করা হয়েছে এবং কমিশনকে রিপোর্ট দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। কিন্তু কর্মচারীরা এতদিন অপেক্ষা করতে রাজি নন।
এই ধর্মঘটের সবচেয়ে বড় ইস্যু হল পেনশন। কেন্দ্রীয় কর্মীরা নতুন পেনশন স্কিম (NPS) এবং সম্প্রতি চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম (UPS) সম্পূর্ণভাবে বাতিল করার দাবি তুলেছেন। তাদের স্পষ্ট বক্তব্য কোনও শর্ত ছাড়াই পুরোনো পেনশন স্কিম (OPS) আবার চালু করতে হবে। এছাড়াও পেনশনভোগীদের মধ্যে যে বৈষম্য রয়েছে, তা দূর করার দাবিও জানানো হয়েছে। বর্তমানে কমিউটেড পেনশন ১৫ বছর পর পুনরুদ্ধার করা হয়। কর্মচারীরা চাইছেন এই সময়সীমা কমিয়ে ১১ বছর করা হোক, যাতে বয়স্ক পেনশনভোগীরা বেশি সুবিধা পান। কোভিড মহামারীর সময় যে ১৮ মাসের মহার্ঘ ভাতা (8th Pay Commission) ও মহার্ঘ ত্রাণ আটকে রাখা হয়েছিল, সেটি অবিলম্বে পরিশোধ করার দাবিও তুলেছে সংগঠনটি। তাদের মতে, এই টাকা কর্মচারীদের ন্যায্য পাওনা এবং আর দেরি করা চলবে না।
দাবিপত্রে আরও বলা হয়েছে যে, ন্যূনতম পেনশন মাসে ৯,০০০ টাকা করতে হবে এবং নতুন চালু হওয়া চারটি শ্রম আইন বাতিল করতে হবে। সংগঠনের অভিযোগ, বর্তমান সরকার কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। এই কারণেই ১২ ফেব্রুয়ারির ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ডোমিসাইল সার্টিফিকেট পেতে কী কী লাগবে? রইল সম্পূর্ণ গাইড
সব মিলিয়ে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission), পেনশন এবং মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষোভ এখন চরমে পৌঁছেছে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে।












