বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালি মেজাজে বিভ্রান্ত রাজ্যবাসী। পুজো প্রায় দোরগোড়ায় চলে এলেও বৃষ্টি থামার নাম নেই। রোজই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও। দুর্গাপুজোর আর কটা দিন মাত্র। তারপরই মা আসছেন মর্তে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন, পুজোর মধ্যেও কি বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তর কী বলছে দেখে নিন।
পুজোয় এবারেও বৃষ্টি দক্ষিণবঙ্গে? South Bengal Weather
পুজো শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তাই স্পষ্ট ভাবে আবহাওয়ার আপডেট না পাওয়া গেলেও বিভিন্ন নিউমেরিক্যাল ওয়েদার মডেল বিশ্লেষণ করে পুজোর দিনগুলির আবহাওয়া নিয়ে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। সেই পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়াবিদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মহালয়াতে অর্থাৎ ১০ অক্টোবর শনিবার, আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। পঞ্চমীর দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি।
এর পর ১৭ ও ১৮ অক্টোবর ষষ্ঠী ও সপ্তমীর দিনও আকাশ মেঘলা থাকতে পারে। স্পষ্ট ভাবে বলা না গেলেও বৃষ্টির সম্ভাবনার কথা সামনে এসেছে। দুপুরের পর কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মহাষ্টমী ও মহানবমীর দিনও একই রকম থাকতে পারে পরিস্থিতি। এই দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু অংশে।

আরও পড়ুন: বকেয়া DA মেটাতে এইচআরএমএস-এ পে এন্ট্রি বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর
তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যায়নি। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে চরমে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। দশমীর দিনও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। তবে এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কম থাকতে পারে। যদিও দুর্গাপুজো আসতে এখনও অনেকটা সময় বাকি। তাই আবহাওয়ার আগাম পূর্বাভাসে পরিবর্তন হতেই পারে।













