বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের কল্যাণে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। এবার এই প্রকল্প (Government Scheme) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এতে আরও চওড়া হয়েছে কৃষকদের মুখের হাসি।
পিএম কিষাণ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের | (PM Kisan Yojana)
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পিএম কিষাণ যোজনার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২৬-২৭ আর্থিক বছর থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ অবধি এই প্রকল্পটি চালু থাকবে।
আরও পড়ুনঃ মোবাইল ছেড়ে বইমুখী হয়ে উঠবে পড়ুয়ারা! সরকারি স্কুলগুলিতে লাইব্রেরি ও রিডিং কর্নার গঠনের নির্দেশ
এই পাঁচ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ আর্থিক বরাদ্দও অনুমোদন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পিএম কিষাণ যোজনায় ৩.১৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্র।
পিএম কিষাণ যোজনায় উপভোক্তাদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। বছরে তিনটি কিস্তিতে এই অর্থ দেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের ২৩ তম কিস্তি দেওয়া হয়েছে। বর্তমানে ২৪ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা।

পিএম কিষাণের ২৪ তম কিস্তি কবে দেওয়া হবে সেই নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে সাধারণত চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠায় সরকার। সেই হিসেবে জুনের পর আগামী অক্টোবর মাসে পরবর্তী কিস্তি দেওয়া হতে পারে বলে অনুমান করছেন অনেকে।
দেশের কৃষকদের সুবিধার্থে মাঝেমধ্যেই নানা উদ্যোগ নেয় কেন্দ্র। চাষিদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই পিএম কিষাণ যোজনা চালু করা হয়েছিল। এবার এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। এতে দেশের কোটি কোটি কৃষকের ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
















