বাংলাহান্ট ডেস্ক: ঝাড়গ্রামে জনসভা শেষে ফেরার পথে হঠাৎই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজকলেজ মোড়। রবিবার প্রচারের ব্যস্ত সূচির মাঝেই রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই অপ্রত্যাশিত মুহূর্তে হতবাক হয়ে যান স্থানীয় মানুষ থেকে দলীয় কর্মীরা। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়, এবং তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
জনসভা শেষ করে ঝাড়গ্রামে ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):
জানা গিয়েছে, সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে আচমকাই রাস্তার দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে রাজকলেজ মোড়ের ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ি’ নামে একটি ছোট দোকানে ঢুকে পড়েন তিনি। দোকানের মালিক বিক্রম সাউ, ওরফে ‘বিহারীবাবু’, এই অভিজ্ঞতায় এখনও বিস্মিত। তাঁর কথায়, “হঠাৎ করেই স্যার এসে নাম জিজ্ঞেস করলেন, তারপর বললেন একটা ঝালমুড়ি বানাতে। খেয়ে বললেন দারুণ হয়েছে। তারপর আমার পরিবার আর ব্যবসার খোঁজ নিলেন।”
আরও পড়ুন: একে অপরের দেশে তৈরি করবে সামরিক ঘাঁটি! ভারত-রাশিয়ার মধ্যে কার্যকর বিরাট প্রতিরক্ষা চুক্তি
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন, যা অনেকের কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। সাধারণত কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা প্রধানমন্ত্রীর এমন সহজ-সরল আচরণ খুব একটা দেখা যায় না। তাই এই ঘটনাকে অনেকেই জন্য সংযোগ স্থাপনের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, এই আচরণে তাঁরা অভিভূত এবং নিজেদের কাছে প্রধানমন্ত্রীকে আরও কাছের মানুষ বলে মনে হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি সাধারণ মানবিক মুহূর্ত নয়, বরং এর মধ্যে রাজনৈতিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। বাংলায় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে জনসংযোগের অংশ হিসেবে রাস্তার ধারে চপ ভাজতে বা চা বানাতে দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই ‘মুড়ি তত্ত্ব’ অনেকের কাছেই একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে ধরা পড়ছে।

আরও পড়ুন: রাতারাতি বদলে যাবে আবহাওয়া! ৫ জেলায় হবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়ার আগাম খবর
সব মিলিয়ে, ঝাড়গ্রামে মোদীর (Narendra Modi) এই ছোট্ট ঘটনাই এখন বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এই প্রচেষ্টা গেরুয়া শিবির বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। আগামী দিনে এই ধরনের পদক্ষেপ আরও বাড়বে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।












