বাংলাহান্ট ডেস্ক : পালাবদল পশ্চিমবঙ্গে। দীর্ঘ ১৫ বছর পর বদলাতে চলেছে সরকার। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পক্ষে গেরুয়া শিবির। জেলায় জেলায় তৃণমূলের গড়ে ভাঙন ধরেছে। ঘাসফুলের হেভিওয়েট মন্ত্রী থেকে তারকা প্রার্থীরাও রয়েছেন পিছিয়ে। এঁদের মধ্যেই রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এদিন একপ্রকার হার নিশ্চিত বুঝে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি।
ব্যারাকপুর কেন্দ্রে পিছিয়ে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)
ব্যারাকপুরে প্রথম থেকেই বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীর থেকে পিছিয়ে ছিলেন রাজ। যত সময় গড়ায় ততই জয়ের ব্যবধানটা স্পষ্ট হয়ে ওঠে। শেষমেষ হার একপ্রকার নিশ্চিত তা বুঝেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান। কিন্তু বাইরে বেরিয়েই স্লোগান, কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

রাজকে ঘিরে স্লোগান: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রাজের দিকে কটুক্তি, স্লোগান ছুড়তে দেখা যায় গণনা কেন্দ্রের বাইরে জড়ো হওয়া একাংশকে। এমনকি তাঁর গায়ে কাদার তাল ছুড়তেও দেখা যায় কয়েকজনকে। এই পরিস্থিতিতে তৃণমূলের দলীয় কর্মীরাই তাঁকে ঘিরে বাইরে নিয়ে যান। তবে এই পুরো ঘটনার একবারের জন্যও মুখ খুলতে দেখা যায়নি রাজ চক্রবর্তীকে। কোনও প্রতিক্রিয়া মেলেনি পরিচালক তথা বিদায়ী তৃণমূল বিধায়কের।
আরও পড়ুন : সবুজ রসগোল্লা থেকে কমলাভোগ, নির্বাচনী লড়াইয়ে ‘পৌষমাস’ মিষ্টি বিক্রেতাদের
গতবার জিতে বিধায়ক: প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।এবারও তাঁর উপরেই ভরসা রেখেছিল তৃণমূল। কিন্তু প্রথম থেকেই পিছিয়ে থাকতেই দেখা গিয়েছিল রাজকে। দ্বিতীয় দফায় ব্যারাকপুর আসনে ভোটের সময় বুথ পরিদর্শনেও দেখা যায়নি তাঁকে। তাঁর বক্তব্য ছিল, সাধারণ মানুষের ভোট দানে বিঘ্ন ঘটে এমন পরিস্থিতি তিনি তৈরি করতে চান না।
আরও পড়ুন : বাংলার পর তামিলনাড়ু, খেলা ঘুরল সে রাজ্যেও, সরকার গঠনের পথে বিজয়ের TVK
উল্লেখ্য, একুশের জয়ের পর এবারও প্রচারে খামতি রাখেননি রাজ। এমনকি তৃণমূলের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। কিন্তু এবার ব্যারাকপুরের ফলাফলই ইঙ্গিত দিচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলেছে আমজনতার।













