বাংলা হান্ট ডেস্ক: ‘আরজি কর পড়ে আছে আরজি করে ই’। ফের খবরের শিরোনামে এই হাসপাতালের নাম। কারণ, এবার আরও একবার চরম অব্যবস্থার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে। সম্প্রতি লিখতে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দুদিনের মাথায় আরজি কর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে গাফিলতির। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। বয়স ৬০ বছর।
স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু নিয়ে তোলপাড় আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)
বুকে ব্যথা ও শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত বের হওয়া নিয়ে সোমবার দিন ভোরবেলায় নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে পরিবার আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) নিয়ে আসেন। হাসপাতাল সূত্রের খবর, জরুরি বিভাগে ওই রোগীকে চিকিৎসা করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। তবে ভোর পাঁচটা নাগাদ তার শৌচালয় যাওয়ার প্রয়োজন হয়। আর তখনই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: একঘেয়ে ঢেঁড়স আর নয়! দোপেঁয়াজায় মিলবে অন্য রকমের স্বাদ, প্রণালী জানুন
পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, বৃদ্ধকে হাসপাতালে শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি। রোগীকে কিছুটা দূরে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের লোকজনেরা। পরিবার আরও অভিযোগ করেন, রোগীকে সুলভ শৌচাগারে নিয়ে যাওয়ার জন্য দাওয়া হয়নি স্ট্রেচার।
বাধ্য হয়ে রোগীকে হাঁটিয়ে কিছুটা নিয়ে যাওয়া হয়। এরপরে হঠাৎ ধকল সহ্য করতে না পেরে মৃত্যু হয় ওই বৃদ্ধের। তারপরেই হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থা ও চরম গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতের আত্মীয়রা।
পাশাপাশি জানা যায়, হাসপাতালের জরুরি বিভাগের নিচু তলার বাথরুম অপরিষ্কার থাকায় ও লিফট খারাপ থাকার কারণে চিকিৎসকেরা ওই রোগীকে জরুরী বিভাগের বাইরের কোন শৌচাগারে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার সময় ওই রোগীর মৃত্যু হয়।
তবে প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই রোগীর। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বৃদ্ধের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে হাসপাতাল সূত্রের দাবি, এই নিয়ে তাদের কাছে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ (RG Kar Hospital)।












