বাংলা হান্ট ডেস্ক: গত ২৫ মে তথা সোমবার রাষ্ট্রপতি ভবনে সম্পন্ন হয়ে পদ্মশ্রী পুরস্কার (Padma Shri) বিতরণের অনুষ্ঠান। যেখানে পদ্মশ্রী প্রাপকরা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। তবে, এই বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার রোহিত শর্মা অনুপস্থিত ছিলেন। এদিকে, রোহিতের অনুপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনা শুরু হলেও রোহিত শর্মা কেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সেই তথ্য সামনে এসেছে। পাশাপাশি, তিনি কবে এই পুরস্কার গ্রহণ করবেন সেই বিষয়টিও জানা গিয়েছে। মূলত, ওই অনুষ্ঠানে রোহিত শর্মার অনুপস্থিতির নেপথ্যে ছিল একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া এবং সময়সূচির সমস্যা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
পদ্মশ্রীর (Padma Shri) অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রোহিত শর্মা:
জানিয়ে রাখি যে, প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার ঘোষণা করে যে, ক্রিকেট ও লিডারশিপে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হবে। এমতাবস্থায়, গত ২৫ মে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ঐতিহ্যগতভাবে, রাষ্ট্রপতি ভবনে একই দিনে সবাইকে পদ্ম পুরস্কার প্রদান করা হয় না। মূলত, খেলোয়াড় ও অন্যদের উপস্থিতি এবং তাদের ব্যস্ত সময়সূচি বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রক ও সরকার তাঁদের ভিন্ন ভিন্ন তারিখ দিয়েছে। যেখানে রোহিতকে প্রথম ব্যাচের পরিবর্তে পরবর্তী ব্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোহিত শর্মা IPL ২০২৬ নিয়ে ব্যস্ত ছিলেন। এদিকে, চোটের কারণে তাঁর এই মরশুমটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি ২০২৬-এর IPL-এ মাত্র ৯ টি ম্যাচ খেলেছেন এবং ৩৫.৩৮ গড়ে ২৮৩ রান করেছেন।

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নেন হরমনপ্রীত: উল্লেখ্য যে, রোহিত শর্মা প্রথম অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর গত সোমবার অনুষ্ঠানে যোগ দেন। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে আসন্ন মহিলা বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকা হরমনপ্রীত এই সম্মান গ্রহণ করতেই ভারতে এসেছিলেন এবং রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণ করার পরেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন।
আরও পড়ুন: ‘জম্মু-কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে’, চিন-পাকিস্তানকে সতর্ক করে কী জানাল ভারত?
রোহিত শর্মা কবে এই পুরস্কার পাবেন: জানিয়ে রাখি যে, ব্যস্ত সময়সূচী বা সরকার নির্ধারিত পুরস্কার প্রাপকদের তালিকার কারণে যে সকল পুরস্কার বিজয়ী প্রথম পর্বে উপস্থিত হতে পারেন না, তাঁদের বছরের শেষের দিকে অনুষ্ঠিত দ্বিতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে সম্পন্ন হতে চলা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে রোহিত শর্মা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাঁর পদ্মশ্রী পদক ও সনদপত্র গ্রহণ করবেন। তবে, সেই তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য যে, IPL ২০২৬ শেষ হওয়ার পর কয়েকদিন বিশ্রাম শেষে, রোহিত শর্মাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাবে। আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজে তিনি নীল জার্সিতে মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত।













