Durga Puja 2026 Live Updates

সব মামলায় জামিন, ১৩ বছর পর জেলমুক্তি হচ্ছে সারদাকর্তা সুদীপ্ত সেনের, ভোটের আগে তোলপাড়

Published on:

Published on:

sudipta sen
Follow

বাংলাহান্ট ডেস্ক: লক্ষ লক্ষ টাকা জালিয়াতি অভিযোগ, ২০১৩ সাল থেকে জেলবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেলেন সারদা চিটফান্ড কাণ্ডের (Sarada Chitfund Case) ‘মাথা’ সুদীপ্ত সেন (Sudipta Sen)। শীঘ্রই জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন।

সব মামলায় মুক্ত সুদীপ্ত | Sudipto Sen

২০১৩ সালের ২৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়েছিল বিধাননগর থানার মামলায়। ১২ বছর ১১ মাস জেল খাটার পর অবশেষে মুক্তি পাচ্ছেন সুদীপ্ত সেন। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় সুদীপ্তকে জামিন দিয়েছে।

বারাসাত থানার দু’টি মামলায় জেলবন্দি ছিলেন সুদীপ্ত। এদিন দুটি মামলাতেই তার জামিন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ। গতকাল জামিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজ বুধবার চূড়ান্ত রায়দান করল আদালত।

এদিন চূড়ান্ত রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী দ্রুত বিচার পাওয়ার অধিকারের দাবি অগ্রাহ্য করা যায় না৷ তাঁকে যে সব ধারায় গ্রেফতার করা হয়েছিল, তাতে যতদিন জেলে থাকতে হত তার থেকে দ্বিগুণ সময় তিনি জেলে রয়েছেন।

প্রশাসনিক ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে আদালত আরও জানায় বিচারে ক্রমাগত দেরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সুদীপ্ত সেনকে জেলে থাকতে হয়েছে৷ পাশাপাশি সুদীপ্ত সেনের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন শর্তসাপেক্ষে জামিন মেলে।

আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে নতুন পথ, প্লাস্টিকের বোতল ফেরালে মিলছে টাকা! নন্দনকাননের উদ্যোগ ভাইরাল নেটদুনিয়ায়

উল্লেখ্য, জামিন মামলার শুনানিতে সুদীপ্ত সেনের আইনজীবী আদালতে বলেন, “তাঁর মক্কেলের বিরুদ্ধে সবমিলিয়ে ৩৮৯ টি মামলা দায়ের হয়েছিল। যার মধ্যে সিবিআই ৭৬টি মামলা হাতে নেয়। চারটে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় সংস্থা৷ বাকি মামলাগুলিতে রাজ্য পুলিশ চার্জশিট পেশ করে। সেই সমস্ত মামলায় জামিন মিলেছে ইতিমধ্যেই। জামিনের জন্য বন্ড জমা দিয়েছেন। রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৭টি মামলার ২টো বাকি ছিল। যা বারাসত থানায় দায়ের ছিল। ” বারাসাত থানার যে দু’টি মামলায় সুদীপ্ত জেলবন্দি ছিলেন এদিন দুটি মামলাতেই সারদাকর্তার জামিন মঞ্জুর হয়েছে। ভোটের মুখে সুদীপ্ত সেনের জামিনে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।