‘আমি কে’ পাইলট কার দেখে হতবাক শমীক, বিজেপির জয়ে কী বললেন রাজ্য সভাপতি ?

Published on:

Published on:

Shamik Bhattacharya shocked to see the pilot car after BJP victory
Follow

বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল রাজ্যবাসী। প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় এল বিজেপি। প্রায় পনেরো বছর পর পালাবদল ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বাংলার শাসনভার এখন গেরুয়া শিবিরের হাতে। এই দীর্ঘ পথচলায় যাঁরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তবে এত বড় সাফল্যের পরও বাস্তবটা যেন এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তিনি।

ঠিক কী মনে হচ্ছে শমীকের (Shamik Bhattacharya) ?

বঙ্গ বিজেপির পুরনো ও অভিজ্ঞ নেতাদের তালিকায় শমীক ভট্টাচার্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দলের উত্থান থেকে নানা প্রতিকূল পরিস্থিতি—সবকিছুরই সাক্ষী তিনি। সংগ্রামের দিন থেকে আজকের সাফল্য—সবকিছু খুব কাছ থেকে দেখেছেন। ক্ষমতায় আসার পর তাঁর প্রতিক্রিয়ায়, সেই আবেগই ধরা পড়েছে। শমীক বলেন, “রাত দুটোয় ঘুমোতে গিয়েছি। সাংবাদিকরা সকালে উঠিয়ে দিয়েছে। ভালো করে ঘুমোতে পারিনি। আমরা যে ক্ষমতায় এসে গিয়েছি এটাও এখনও আত্মস্থ করতে পারিনি।”

ক্ষমতার পরিবর্তনের সঙ্গে তাঁর জীবনে হঠাৎ করেই এসেছে নানা নতুন অভিজ্ঞতা। যা আগে কখনও ছিল না, তা এখন যেন নিত্যদিনের অংশ হয়ে উঠছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “হঠাৎ দেখলাম একটা পাইলট কার বাড়ির সামনে। একজন স্যালুট দিল। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আমার তো এত এগুলো প্রয়োজন হয়নি। স্কুটিতে চড়ে ঘুরতাম। আমি তো কোনও দিন নিরাপত্তা নিইনি। হঠাৎ এগুলো কেন? আমি কে?” তাঁর কথায় স্পষ্ট, সাধারণ জীবনযাপন থেকে হঠাৎ এই বদল তাঁকে অবাক করে দিচ্ছে।

এক সময় নিজের পরিচয় তুলে ধরতে হত, আর এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তিনি বলেন, “এটা ভাবতে আশ্চর্য লাগছে। একটা সময় তপনদা স্কুটারের পিছনে বসে মিডিয়ার অফিসে গিয়েছি সেখানে সকালে পাইলট কার পরিবর্তন আনার মতো ব্যাপার।”

Shamik Bhattacharya shocked to see the pilot car after BJP victory

আরও পড়ুন : বঙ্গজয়ে মোদীকে শুভেচ্ছা, বাংলার ভোট নজর কাড়ল ট্রাম্পেরও!

এদিকে, বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। সম্ভাব্য মুখদের তালিকায় যেমন শুভেন্দু অধিকারীর নাম শোনা যাচ্ছে, তেমনই আলোচনায় রয়েছে শমীক ভট্টাচার্যের নামও। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, এখনও ঘোষণা করা হয়নি। পরিবর্তনের এই আবহে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন দায়িত্ব সামলাতে প্রস্তুত, তেমনই নতুন বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন শমীক ভট্টাচার্য।