বাংলা হান্ট ডেস্ক: ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries) শেয়ার ২ দিনে প্রায় ৬ শতাংশ কমেছে। যার ফলে যথেষ্ট প্রভাবিত হয়েছে ওই সংস্থা। শুধু তাই নয়, ইতিমধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ প্রায় ১ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে। সোমবার লেনদেনের সময় সংস্থাটির শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমে ১,২৯০ টাকায় নেমে আসে। এর ফলে মুকেশ আম্বানির কোম্পানির মার্কেট ক্যাপ ১৮ লক্ষ কোটি টাকার নিচে নেমে এসেছে। শেয়ার বাজারের তেজীভাব সত্ত্বেও এই কোম্পানিটির শেয়ারে দরপতন অব্যাহত রয়েছে।
রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারে দরপতন:
জানিয়ে রাখি যে, BSE-তে গত লেনদেন পর্বে রিলায়েন্সের শেয়ার ১,৩৫০.৮৫ টাকায় বন্ধ হয়েছিল। সোমবার এই শেয়ার ১,৩৫১.৬০ টাকায় খোলে। দিনের মধ্যে, শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১,২৯০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ১,৩৬০.৮০ টাকা। তবে, বাজার বন্ধের সময়ে এটি ৩.৪১ শতাংশ কমে ১,৩০৪.৭৫ টাকায় দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর ১,৬১১.২০ টাকা এবং সর্বনিম্ন দর হল ১,১১৫.৫৫ টাকা। চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালে এখনও পর্যন্ত শেয়ারটির দাম ১৮ শতাংশ কমেছে।

এই পতনের কারণ: উল্লেখ্য যে, সরকার ইতিমধ্যেই ডিজেল এবং ATF রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স পুনরায় আরোপ করেছে। এর ফলে রিলায়েন্সের শেয়ারের দরপতন ঘটেছে। এমনিতেই এই সংস্থাটি যা দেশের পেট্রোলিয়াম পণ্যের প্রধান রফতানিকারী হিসেবে বিবেচিত হয়। জামনগরে রিলায়েন্সের ২ টি শোধনাগার থেকে প্রায় ৫০ লক্ষ টন ATF উৎপাদিত হয়। যার একটি উল্লেখযোগ্য অংশ রফতানি করা হয়। ভারতে মোট ATF উৎপাদনের এক-চতুর্থাংশই রিলায়েন্সের দখলে রয়েছে।
আরও পড়ুন: ICC-র এই বিশেষ অ্যাওয়ার্ডের জন্য জোর টক্কর বুমরাহ-স্যামসনের! কে করবেন বাজিমাত?
কী জানিয়েছেন বিশেষজ্ঞরা: রিলায়েন্সের শেয়ারে দরপতনের প্রসঙ্গে আনন্দ রাঠি শেয়ার্স অ্যান্ড স্টক ব্রোকার্স-এর ইক্যুইটি টেকনিক্যাল রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার জিগর এস. প্যাটেল জানিয়েছেন যে, বর্তমানে রিলায়েন্সের শেয়ার তাদের ২০০-সপ্তাহের মুভিং এভারেজের কাছাকাছি ট্রেড হচ্ছে। আরএসআই, এমএসিডি এবং ডিএমআই-এর মতো টেকনিক্যাল ইন্ডিকেটরগুলি আন্ডারটোন দেখাচ্ছে। এর মানে হল, স্বল্প মেয়াদে মোমেন্টাম দুর্বল থাকতে পারে।
আরও পড়ুন: ফের বৃদ্ধি! ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি, জানুন সর্বশেষ দর
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












