বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং শোচনীয় পারফরম্যান্স করেছে সীমিত ওভারের ক্রিকেটে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অনভিজ্ঞ ভারতীয় বোলিং রান আটকানোর বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ। ফলে ক্রমশই চাপ বাড়ছে ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও প্রধান কোচ গৌতম গম্ভীরের ওপর। যার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বাধ্য হয়ে দলে ফেরত এনেছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল ভুবনেশ্বর কুমারের। কিন্তু বৃষ্টির কারণে ব্যাঙ্গালোরের ওই ম্যাচ ভেস্তে যাওয়ায় আর মাঠে নামা হয়নি তার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়েছে। নিশ্চিতভাবে ওই সিরিজে তার ওপর অনেকটাই নির্ভর করবে অনভিজ্ঞ ভারতীয় বোলিং।

২০২২ সালে ভারতের জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের মুলস্রোত থেকে। কিন্তু তারপর একাধিকবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভারতের জার্সি ফের একবার গায়ে চাপানোর সুযোগ অর্জন করেছেন তিনি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভুবনেশ্বর কুমারের কাছ থেকে কি আশা করছেন? এই নিয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: বোকার মতো দল নির্বাচন করছে BCCI! এই ক্রিকেটারকে দলে দেখে রেগে আগুন প্রাক্তন ভারতীয় ওপেনার
ভুবনেশ্বরকে নিয়ে নিজের বক্তব্যে শ্রেয়স আইয়ার বলেছেন, “ভুবির অনেক অভিজ্ঞতা রয়েছে। আইপিএলের পর আমাদের দলে কিছুটা অভিজ্ঞতার অভাব ছিল। আমাদের দলে অনেক নতুন বোলার ছিল, কিন্তু গত ৪ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ভুবির পারফরম্যান্সের দিকে তাকালে দেখবেন, সে দুইবার নিজের দলকে আইপিএল জিতিয়েছে এবং এই ফরম্যাটে কীভাবে নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে হয়, সে বিষয়ে তার দারুণ ধারণা রয়েছে।”
আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড
ভুবনেশ্বর কুমার দলে ফিরে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার কাটানো টানা দুটি অসাধারণ মরশুম। বিশেষ করে আইপিএল ২০২৬ মরশুমে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ১৬ টি ম্যাচে ৭.৯৫ ইকোনমি রেটে ২৮ টি উইকেট নিয়ে তিনি আরসিবি-কে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।














