বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর তিন ম্যাচে হার, বিশ্বকাপ জয়ের পর থেকে একটিও টি-টোয়েন্টি ম্যাচ জিততে ব্যর্থ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় বোলারদের বেধড়ক ঠেঙিয়ে শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) দেওয়া ১৯০ রানের টার্গেট তুলে নিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজে ১-০ ফলে পিছিয়ে গেলেন শ্রেয়সরা।
ব্যর্থ বৈভব সহ বোলারদের বেশিরভাগ:
এদিন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু ভারতের বাকি টপ অর্ডারের ব্যাটাররা নিজেদের কাজটা সঠিক ভাবে করেছিলেন। কিন্তু বোলারদের মধ্যে একমাত্র অক্ষর প্যাটেল ছাড়া বাকিরা শোচনীয় ভাবে ব্যর্থ।
আরও পড়ুন: ভালো শুরু করেও মাত্র ১৪ রানে ফিরলেন! প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যর্থ বৈভব সূর্যবংশী
অথচ শুরুটা ভালো করেছিলেন অর্শদীপ। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পাল্টা আক্রমণ চালু করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি ৩৯ রান করে ড্রেসিংরুমে ফিরলেও আরসিবির জার্সি গায়ে আইপিএল খেলা জ্যাকব বেথলকে আটকানোর কোনও উপায় খুঁজে পায়নি ভারতীয় বোলাররা।
শেষপর্যন্ত ম্যাচের ১৭ তম ওভারে লেগ স্পিনার রবি বিশ্নইকে বেধড়ক পিটিয়ে ২৯ রান তুলে ভারতকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন বেথল। তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন উইকেটরক্ষক টম ব্যান্টন (৩৯)। শেষদিকে পরপর উইকেট হারালেও নিজে শেষ অবধি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করে আসেন বেথল। মাত্র ৪৬ বল খেলে ৫টি চার ও ৫টি ছক্কা সহ ৭৬ রান করেন তিনি। এক ওভার হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের
ভারতের হয়ে এদিন রান পেয়েছেন অভিষেক শর্মা (৪৩), ঈশান কিষাণ (৪৯), শ্রেয়স আইয়াররা (৩৭)। কিন্তু বিরাট বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে ১১ বলে ২৪ রান করে ভারতের স্কোরকে ১৯০ অবধি পৌঁছে দেন তিলক ভার্মা। অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও আশা হারাচ্ছেন না। ম্যাচের পর সাক্ষাৎকারে বলে গেলেন, “আমি নির্দিষ্ট কাউকে এই হারের জন্য দোষ দেবো না। আমি আশাবাদী, এর চেয়ে খারাপ কিছু হবে না। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।”













