বিশ্বকাপের আগে ভারত জিতলেও শুভমান গিলের দিকে উঠলো আঙুল! বড় অভিযোগ করলেন প্রাক্তন তারকা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজে রীতিমতো দাপুটে পারফরম্যান্স করে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওডিআই সিরিজে আপাতত ২-০ ফলে এগিয়ে রয়েছে মেন ইন ব্লুজ। কিন্তু ভারত দুর্দান্ত ছন্দে থাকলেও অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ব্যাটে রান নেই। নিউজিল্যান্ডের মাটিতে আপাতত ব্যাট হাতে ব্যর্থ তিনি, যা আসন্ন বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে একেবারেই ভালো খবর হয় ভারতীয় দলের জন্য।

শুভমান গিল নিজের ওডিআই কেরিয়ারে এখনও অবধি ১১টি শতরান করেছেন। তবে এর বেশিরভাগটাই এসেছে দেশের মাটিতে। SENA দেশগুলোতে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এখনও তার নামের পাশে কোনও শতরান নেই। এই দেশগুলোতে খেলা ১১টি ওয়ানডে ইনিংসে তিনি ৩৫.২০ গড়ে মোট ৩৫২ রান করেছেন। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতক এবং তাঁর সর্বোচ্চ ইনিংসটি ৯১ রানের, যা একেবারেই তার সুনাম বর্ধক নয়।

শুভমান গিল তার ১১টি সেঞ্চুরির মধ্যে আটটি করেছেন ভারতের মাটিতে। বাকি তিনটির মধ্যে দুটি এসেছে সংযুক্ত আরব আমিরাশাহীতে এবং অপরটি এসেছে জিম্বাবোয়েতে। নিউজিল্যান্ডে তার সাম্প্রতিক সফর এই পরিসংখ্যানটিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অকল্যান্ডে তিনি গুরুত্বপূর্ণ ৩৭ রান করলেও ওয়েলিংটনে প্রথম বলে গোল্ডেন ডাকের কবলে পড়েছিলেন। তার ওডিআই কেরিয়ারে এখনও SENA দেশগুলোতে কোনো সেঞ্চুরি করার গৌরব সামিল নেই।

আরও পড়ুন: একসাথে পাঁচ রেকর্ড নিজের নামে করবেন রোহিত! নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরি করবেন হিটম্যান

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বাইরে ভারতীয় অধিনায়কের ব্যর্থতা প্রসঙ্গে অশ্বিন বলেছেন, “শুভমন গিল ওডিআই ফরম্যাটে একজন দুর্দান্ত ব্যাটার। আমার মতে, তাঁর পরিসংখ্যান অবিশ্বাস্য এবং তিনি নিঃসন্দেহে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে বিদেশের মাটিতে তাঁর ফর্ম কেমন? তাঁর নিজের উচ্চ মানদণ্ডের তুলনায় বিদেশের মাটিতে তাঁর পরিসংখ্যান বেশ হতাশাজনক।

আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর

এরপর অশ্বিন আরও যোগ করে বলেছেন, “ভারতের বাইরে তাঁর ব্যাটিং গড় ৩০-এর নিচে, যা তাঁর মতো একজন ব্যাটারের জন্য মোটেও যথেষ্ট নয়। বিদেশের মাটিতে তাঁর ফর্ম চিন্তার বিষয়; বিশেষ করে বল যখন মুভ করে, তখন তিনি মাঝে মাঝে বেশ সমস্যায় পড়েন।” আগামী বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানেও পরিস্থিতি ব্যাটিংয়ের উপযোগী একেবারেই থাকবে না। ফলে বিষয়টি নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় সমর্থকদের।