বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, রাজ্যজুড়ে জোর প্রস্তুতি চলছে। কিন্তু এর মধ্যেই বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের (SIR) পরও এখনও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে। কবে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে, আর কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা, এই প্রশ্নেই এখন চর্চা তুঙ্গে।
বিবেচনাধীনদের তালিকা (SIR) কবে বেরবে?
গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। অর্থাৎ, তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
এবার প্রশ্ন উঠছে, যাঁদের নামের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নিয়ে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে? এই বিষয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা ইতিমধ্যেই হয়েছে। জুডিশিয়াল অফিসাররা এক-দু’দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য কমিশনের হাতে তুলে দেবেন। সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহের শেষেই, অর্থাৎ শুক্রবার বা শনিবারের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে।
তবে এখনও বড় সংখ্যক ভোটার, প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন অবস্থাতেই রয়েছেন। সামনে ভোট রয়েছে ২৩ ও ২৯ এপ্রিল, অর্থাৎ হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে বাকি সমস্ত নামের নিষ্পত্তি করা সম্ভব কি না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। এদিকে, যাঁদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাঁদের ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতটা সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ প্লাস্টিক ভর্তি নথি হাতে ED দপ্তরে কুন্তল! SSC কেলেঙ্কারিতে ফের চাঞ্চল্য
এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কমিশন কীভাবে আদালতের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া চালাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ট্রাইবুনালে আবেদন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সব মিলিয়ে, ভোটের আগে এই বিশাল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপরই (SIR)।












