বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। যেখানে KKR-এর বিরুদ্ধে ৬৫ রানের দুরন্ত জয় অর্জন করে SRH। তবে, KKR-এর বিরুদ্ধে এই জয়ের পর হায়দরাবাদের তারকা অলরাউন্ডার অভিষেক শর্মা (Abhishek Sharma) বিতর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই BCCI তাঁর জরিমানাও করেছে। মূলত, IPL ২০২৬-এর আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিষেক দোষী সাব্যস্ত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ম্যাচ চলাকালীন অশ্লীল শব্দ ব্যবহারের জন্য BCCI অভিষেকের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে এবং তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়। এদিকে, অভিষেক নিজের ভুল স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে।
অভিষেক শর্মার (Abhishek Sharma) জরিমানা:
উল্লেখ্য যে, KKR-এর বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মা ফর্মে ফিরেছেন। তিনি ওই ম্যাচে ৪ টি ছক্কা ও ৪ টি চারসহ ২১ বলে ৪৮ রান করেন। দলের জয়ে তাঁর এই গুরুত্বপূর্ণ ইনিংসটি বড় ভূমিকা পালন করে। তবে ম্যাচের পর অভিষেকের আচরণ তাঁকে সমস্যায় ফেলেছে। BCCI কর্তৃক জারি করা এক বিবৃতি অনুসারে, অভিষেক শর্মা IPL আচরণবিধির আর্টিক্যাল ২.৩-এর লঙ্ঘন করেছেন। যা অপমানজনক বা অশ্লীল শব্দ ব্যবহারের সাথে সম্পর্কিত।

এদিকে, ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিতে IPL জানিয়েছে ‘বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে IPL আচরণবিধি লঙ্ঘনের জন্য দলটির অলরাউন্ডার অভিষেক শর্মাকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনি আর্টিক্যাল ২.৩-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।’
আরও পড়ুন: ২৫০ কোটি নিয়েও আসেননি মেসিরা? আর্জেন্টিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান কেরলের ক্রীড়ামন্ত্রী
SRH বনাম KKR ম্যাচ: জানিয়ে রাখি যে, সানরাইজার্সের নীতীশ কুমার রেড্ডি, ইশান মালিঙ্গা এবং জয়দেব উনাদকাটের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে SRH ৬৫ রানে KKR-কে হারিয়েছে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ২২৬ রানের বড় স্কোর দাঁড় করায়। যার জবাবে KKR ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন: ভেঙে যাবে ইরানের চক্রব্যূহ! সমগ্র বিশ্বকে তেলের সঙ্কট থেকে বাঁচাবে ভারতের এই মেগা প্রকল্প
KKR-এর হয়ে অঙ্গকৃশ রঘুবংশী ২৯ বলে ৫২ রান করে দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন। এদিকে, রিঙ্কু সিংও ৩৫ রান করে অবদান রাখেন। এই দু’জন ছাড়া অন্য কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। ইতিমধ্যেই KKR IPL ২০২৬-এ টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। KKR-এর হয়ে ব্লেসিং মুজারাবানি ৪ টি উইকেট নেন। এছাড়াও, বৈভব অরোরা ২ টি এবং কার্তিক ত্যাগী ও অনুকূল রয় ১ টি করে উইকেট নেন। হায়দরাবাদের হয়ে জয়দেব উনাদকাট ৩ টি উইকেট নেন, অন্যদিকে ঈশান মালিঙ্গা ও নীতীশ কুমার রেড্ডি ২ টি করে উইকেট নেন। এছাড়াও, হর্ষ দুবে নেন ১ টি উইকেট।












