বাংলাহান্ট ডেস্ক: ভারত (India) মূলত একটি চা প্রিয় দেশ। তবে গত কয়েক বছরে কফির প্রতিও ঝোঁক বাড়ছে ভারতীয়দের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সাধারণ কফির পাশাপাশি প্রিমিয়াম ও বিভিন্ন স্বাদের কফির চাহিদাও বাড়ছে দ্রুত। আর এই সুযোগকেই সফলভাবে (Success Story) কাজে লাগিয়েছেন দিল্লির দুই তরুণ উদ্যোক্তা শিব ধাওয়ান ও সোহরাব সীতারাম। ২০২৪ সালে তাঁরা শুরু করেন ‘ফার্স্ট কফি’ (First Coffee) নামে একটি কফি ব্র্যান্ড। লক্ষ্য ছিল, বেশি খরচের ক্যাফে সংস্কৃতির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে উন্নত মানের কফি পৌঁছে দেওয়া।
‘ফার্স্ট কফি’-র অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
শুরু থেকেই তাঁদের ব্যবসার মডেল ছিল কিছুটা আলাদা। বড় ক্যাফে তৈরি করে বিপুল অর্থ খরচ করার বদলে ছোট আউটলেটের মাধ্যমে দ্রুত কফি পরিবেশনের পরিকল্পনা করেন তাঁরা। বিদেশে ঘুরতে গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, ইউরোপ এবং নিউইয়র্কের ‘গ্র্যাব অ্যান্ড গো’ কফি শপ দেখে এই ভাবনা মাথায় আসে দুই উদ্যোক্তার। তাঁদের মতে, ভারতে উন্নত মানের কফির বড় অংশই বিদেশে রপ্তানি হত। দেশের বাজারে সেই কফি সাশ্রয়ী দামে পাওয়ার সুযোগ ছিল তুলনায় কম। এই ঘাটতি পূরণ করতেই উদ্যোগী হন তাঁরা (Success Story)।

আরও পড়ুন: ছটপুজোয় বিশেষ উপহার, ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
২০২৪ সালের এপ্রিল মাসে দিল্লির প্যাসিফিক আউটলেট মলে ফার্স্ট কফির প্রথম দোকান খোলে। প্রথমে মূলত কফি কিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলেও পরে ক্রেতাদের পছন্দ বুঝে কয়েকটি আউটলেটে ৮-১০ জনের বসার জায়গাও রাখা হয়েছে। বর্তমানে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে সংস্থাটির মোট ২৫টি আউটলেট রয়েছে। ডিফেন্স কলোনি, সাউথ এক্সটেনশন, হাউজ খাস, কনট প্লেস এবং দ্বারকার মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও পৌঁছে গিয়েছে এই ব্র্যান্ড।
ফার্স্ট কফির জনপ্রিয়তার অন্যতম কারণ তাদের বৈচিত্র্যময় মেনু। সংস্থার মোট আয়ের প্রায় ৬৭ শতাংশই আসে কোল্ড কফি এবং তা দিয়ে তৈরি বিভিন্ন পানীয় থেকে। ক্লাসিক কোল্ড কফির পাশাপাশি রয়েছে হট কফি, মাচা, ফ্র্যাপে, মিল্কশেক, স্মুদি ও নানা ধরনের ফ্লেভারযুক্ত পানীয়। এমনকি স্যান্ডউইচ, বেইগল, ডেজার্ট এবং প্রাতরাশের খাবারও পাওয়া যায়। মেনুতে এসপ্রেসোর দাম ১৯৫ টাকা থেকে শুরু। ক্যাপেচিনো, লাতে ও ফ্ল্যাট হোয়াইটের দাম ২৫০ টাকা। মরশুমি বিশেষ পানীয়ের দাম ২৬০ থেকে ৩০০ টাকার মধ্যে।
আরও পড়ুন: কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা! নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ
ব্যবসার পরিসংখ্যানও যথেষ্ট চমকপ্রদ। ২০২৪-২৫ অর্থবর্ষে ফার্স্ট কফির আয় ছিল প্রায় ৩ কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকায়। অর্থাৎ, এক বছরে ব্যবসার অঙ্ক বেড়েছে প্রায় ১০ গুণ। এবার তাঁদের লক্ষ্য আরও বড়। ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে ১০০ কোটি টাকা আয় করতে চায় সংস্থাটি। তরুণ প্রজন্মের কফিপ্রীতিকে হাতিয়ার করে এই দুই উদ্যোক্তার স্টার্টআপ কতটা এগোয়, এখন সেটাই দেখার (Success Story)।












