বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে কলকাতার ব্রিগেড ময়দান ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে বিজেপির একাধিক শীর্ষ নেতা মঞ্চে বক্তব্য রাখেন। সেই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কৃষক থেকে উন্নয়ন, বিভিন্ন ইস্যু তুলে ধরে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বাংলায় বিজেপির সরকার গঠনই লক্ষ্য।
বাংলার উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের কথা বললেন সুকান্ত (Sukanta Majumdar)
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার আগে থেকেই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা। সেখানে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অভিনেতা মিঠুন চক্রবর্তী, নিশীথ প্রামাণিকসহ আরও অনেকে। বক্তৃতার শুরুতেই তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা জুড়ে ‘গো-ব্যাক’ পোস্টার লাগিয়েছেন। কিন্তু আগামী নির্বাচনে বাংলার মানুষই দেখিয়ে দেবেন তারা কাকে সমর্থন করছেন। তাঁর দাবি, মানুষের হৃদয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ভোটের ফলেই তার প্রতিফলন দেখা যাবে। তিনি আরও বলেন, বাংলায় উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার দরকার। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত এগোবে বলেও দাবি করেন তিনি।
তৃণমূলকে নিশানা সুকান্তর
তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একটি সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন। তাঁর দাবি, বাংলার মানুষ হাজার বছর ধরে নিজেদের সংস্কৃতি ও সনাতনী ঐতিহ্য ধরে রেখেছেন এবং তা কেউ ভাঙতে পারবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় মানুষ ইভিএমে পদ্ম প্রতীকে ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে দেবে। তাঁর কথায়, “৪০ দিন সময় নিন, তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিন।”
কৃষক ও উন্নয়ন প্রসঙ্গ
বক্তৃতায় কেন্দ্রীয় প্রকল্পের কথাও তুলে ধরেন বিজেপি নেতা (Sukanta Majumdar)। তাঁর দাবি, কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কিন্তু রাজ্যের চাষিরা আলুর দাম না পেয়ে সমস্যায় রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির সরকার গঠন হলে আলু চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছে। রাজ্যে বন্দে ভারত ট্রেন চালু হয়েছে এবং রেলের উন্নয়নের জন্য ১৪ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুনঃ ‘ভারতের টপ ১০ রাজনীতিক’, মমতাকে নিয়ে কটাক্ষের সুরে বিস্ফোরক মন্তব্য মিঠুনের
বক্তৃতার শেষ দিকে আইন-শৃঙ্খলা প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া সুর শোনান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বক্তব্য, বিজেপি সরকার ক্ষমতায় এলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুকান্ত মজুমদারের দাবি, অপরাধীদের বিরুদ্ধে ‘বুলডোজার’ চালানোই বিজেপির প্রতিশ্রুতি এবং আগামী নির্বাচনই সেই পরিবর্তনের নির্বাচন।












