বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গের প্রশাসনিক ব্যবস্থায় এবার বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্য। দীর্ঘদিন ধরে সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত দ্বীপাঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ সামলানো নিয়ে নানা সমস্যা রয়েছে। সেই পরিস্থিতি বদলাতেই সুন্দরবনকে পৃথক প্রশাসনিক জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলার সীমানা এবং পরিকাঠামো তৈরির পরিকল্পনাও অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা নিয়ে তৈরি হবে নতুন জেলা। আর এই প্রশাসনিক জেলার কেন্দ্রবিন্দু হতে চলেছে কাকদ্বীপ।
নতুন জেলা হবে সুন্দরবন (Sundarban)
প্রাথমিক পরিকল্পনায় মোট ১৯টি ব্লককে নতুন জেলার অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার সাতটি গুরুত্বপূর্ণ এলাকা—গোসাবা, বাসন্তী, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও মথুরাপুর থাকছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলও এই প্রশাসনিক কাঠামোর মধ্যে আনার প্রস্তাব রয়েছে।

প্রসঙ্গত, সুন্দরবনের মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে জড়িত। নদীর পাড় ভেঙে বসতভিটে ও চাষের জমি হারানো, নোনা জলের কারণে কৃষিকাজে সমস্যা, ঘূর্ণিঝড়ের আঘাত এবং বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে পড়া এখানকার নিত্যদিনের চ্যালেঞ্জ। তার উপর সমুদ্রের জলস্তর বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রশাসনিক সদর থেকে প্রত্যন্ত এলাকাগুলির দূরত্ব বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়াও কঠিন হয়ে পড়ে। পৃথক জেলা হলে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা ও অর্থ বরাদ্দ করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুন : কোল্ড কফির নেশাই বদলে দিল ভাগ্য! ৩০ কোটির সংস্থা গড়লেন দুই বন্ধু শিব-সীতারাম
কাকদ্বীপেই জেলা প্রশাসনের যাবতীয় গুরুত্বপূর্ণ দপ্তর গড়ে তোলার প্রস্তাব রয়েছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, পরিকাঠামো নির্মাণের জন্য ইতিমধ্যেই জেলাশাসকের কাছে প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছে। জমি পাওয়া গেলে সেখানে জেলাশাসকের কার্যালয়, জেলা পরিষদের অফিস এবং অন্যান্য প্রশাসনিক দপ্তর একই জায়গায় তৈরি করা হবে। এই পুরো ব্যবস্থা চালু করতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সল্টলেকে সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে কার্যালয় রয়েছে, নতুন জেলা কার্যকর হলে সেটির দায়িত্বেও পরিবর্তন আসবে। মূল দপ্তরের পরিবর্তে সেটিকে শাখা কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, নতুন জেলা গঠনের অন্যতম উদ্দেশ্য হল বিপর্যয়ের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ঘূর্ণিঝড় কিংবা বাঁধ ভাঙার মতো পরিস্থিতিতে আলিপুর থেকে নির্দেশ পাঠানোর পরিবর্তে স্থানীয় সদর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হবে। এতে ত্রাণ পৌঁছনোর সময় কমবে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রশাসনের উপস্থিতি আরও জোরদার করা যাবে।এছাড়াও সমুদ্রে থাকা মৎস্যজীবীদের অবস্থান ও বিপদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কন্ট্রোল রুম গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।
প্রতিবছর সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম সামলাতে বিপুল প্রশাসনিক আয়োজন করতে হয়। বর্তমানে আলিপুর থেকে গোটা ব্যবস্থার তদারকি করার কারণে পরিবহণ, কর্মী মোতায়েন এবং অন্যান্য কাজে অতিরিক্ত ব্যয় হয়। নতুন জেলা তৈরি হলে কাকদ্বীপ থেকে মেলার প্রস্তুতি ও পরিচালনার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।












