বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, কোনও বৈধ ভোটারকে তালিকার বাইরে রাখা হবে না। একইসঙ্গে রাজ্যের নতুন আবেদন ও আগাম পিটিশন নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি।
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা
এসআইআর প্রক্রিয়া নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চলছে। এর মধ্যেই সোমবার আবারও আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্যের আইনজীবী এবং সদ্য জয়ী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামীকে বলেন, আগাম পিটিশন ভুল বার্তা দিচ্ছে। তাঁর কথায়, এই ধরনের আবেদন থেকে বোঝা যায় যে আপনারা সিস্টেমের উপর ভরসা রাখতে পারছেন না।
শুনানির সময় রাজ্যের তরফে দাবি করা হয়, কিছু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এমনকি যাঁরা আগে ভোট দিয়েছেন, তাঁদের নথিও নাকি এখন রেকর্ড করা হচ্ছে না। এই অভিযোগ তুলে ধরা হলে প্রধান বিচারপতি জানান, হাই কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই জানিয়েছেন প্রায় ১০ লক্ষ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জুডিশিয়াল অফিসারদের কোনওভাবেই প্রশ্নের মুখে ফেলা উচিত নয়। তাঁর কথায়, এই অফিসাররাই এখন প্রক্রিয়াটি দেখছেন এবং যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের অবশ্যই তালিকায় যুক্ত করা হবে।
রাজ্যের নতুন আবেদনের প্রসঙ্গে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান, এই পিটিশন এখনও সময়ের আগেই করা হয়েছে। সেই কারণেই আবেদনটি প্রত্যাহার করে নেওয়ার পরামর্শও দেন তিনি। একইসঙ্গে আদালত জানায়, প্রয়োজন হলে এই পরিস্থিতিতে অবমাননার নোটিসও দেওয়া হতে পারে এবং সব পক্ষকেই নজরে রাখা হচ্ছে।
এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যেই অমীমাংসিত মামলাগুলির তালিকা খতিয়ে দেখা শুরু করেছেন। আদালত নির্দেশ দিয়েছে, এই কাজে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন, দুই পক্ষকেই সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যখনই জুডিশিয়াল অফিসারদের লগ-ইন আইডির প্রয়োজন হবে, তখনই তা দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।
অন্যদিকে, অমীমাংসিত তথ্য যাচাইয়ের কাজ শুরু হলেও সাপ্লিমেন্টারি তালিকা এখনও প্রকাশ করা হয়নি এই প্রশ্নও তুলেছে তৃণমূল। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দেয়, দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ সই সংগ্রহ শুরু, জ্ঞানেশ কুমারকে ঘিরে বড় পদক্ষেপের পথে তৃণমূল
পাশাপাশি আদালত (Supreme Court) আরও জানায়, এই প্রক্রিয়ায় একটি ট্রাইবুনাল গঠন করা হবে। সেখানে প্রাক্তন প্রধান বিচারপতিকে রাখা হবে এবং একাধিক বিচারপতিও থাকবেন। এই ট্রাইবুনাল গঠনের ক্ষেত্রে হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবে নির্বাচন কমিশন।












