ককরোচ জনতা পার্টি ইস্যু এবার সুপ্রিম কোর্টে, কী বললেন প্রধান বিচারপতি?

Updated on:

Updated on:

Supreme Court Chief Justice about the Cockroach Janata Party issue
Follow

বাংলা হান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন আর শুধুমাত্র আদালতের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। বিচারপতির মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP নামে দেশের যুবসমাজের একাংশ কার্যত প্রতিবাদের মঞ্চ তৈরি করেছে। এই বিতর্কের আবহে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাঁর স্পষ্ট বক্তব্য, গোটা বিষয়টিকে অযথা আবেগপ্রবণ করে দেখার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্তের বক্তব্য

শনিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। সেই সময় আইনজীবী এন কে গোস্বামী আদালতের নজরে আনেন যে, প্রধান বিচারপতির তরফে ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও অনলাইনে এখনও ‘বিকৃত এবং বিদ্বেষমূলক প্রচার’ চালানো হচ্ছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এটিকে এতো আবেগ দিয়ে দেখবেন না।’

প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগের একটি শুনানিকে ঘিরে। আদালতে পর্যবেক্ষণ করতে গিয়ে প্রধান বিচারপতি তরুণ সমালোচকদের একাংশ সম্পর্কে ‘ককরোচ’ ও ‘পরজীবী’ শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে সেই মন্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে জেন জেড (Gen Z) প্রজন্মের বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিষয়টিকে অপমানজনক বলে দাবি করেন এবং প্রতিবাদে সরব হন।

ক্রমেই পরিস্থিতি জটিল আকার নেওয়ার পর প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে জানান, সাধারণ তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেননি। বরং ‘ভুয়ো ডিগ্রি’ নিয়ে ঘোরাফেরা করা ব্যক্তিদের দিকেই তাঁর ইঙ্গিত ছিল। কিন্তু ততক্ষণে অনলাইনে ‘ককরোচ জনতা পার্টি’ নামের ব্যঙ্গাত্মক আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে। নানা মিম, ভিডিও এবং পোস্টের মাধ্যমে বহু তরুণ এই প্রচারে অংশ নিতে শুরু করেন।

শুধু হাসি-মশকরাতেই বিষয়টি আটকে থাকেনি। #MainBhiCockroach হ্যাশট্যাগ ব্যবহার করে বহু মানুষ শিক্ষাব্যবস্থার সমস্যা, চাকরির অভাব, পরীক্ষায় প্রশ্নফাঁস এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। জানা গিয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’ ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা কয়েক দিনের মধ্যেই প্রায় ১১ কোটি ৯০ লক্ষে পৌঁছে যায়। যা, বিজেপি ও কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাকেও তা ছাপিয়ে গিয়েছে।

Supreme Court Chief Justice about the Cockroach Janata Party issue

আরও পড়ুন : মা ক্যান্টিনের নতুন মেনুতে কী কী? ৫ টাকার থালিতে এবার বড় চমক

এদিকে শনিবার এই বিতর্ককে কেন্দ্র করে আরও একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে ওঠে। আবেদনকারীর দাবি ছিল, আদালতের মৌখিক পর্যবেক্ষণকে ইন্টারনেটে ব্যবহার করে আয় করা বন্ধ করা হোক। তবে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এই মামলায় বিশেষ তাড়াহুড়োর প্রয়োজন নেই। আদালতের নির্ধারিত নিয়ম মেনেই যথাসময়ে শুনানি হবে বলে জানান তিনি। একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন বৃহত্তর সামাজিক আলোচনার রূপ নিয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ বিতর্ক এখন দেশের অন্যতম চর্চিত ইস্যু হয়ে উঠেছে।