বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদলের পর এবার বদল আসছে ‘মা ক্যান্টিন’ (Maa Canteen)-এর মেনুতেও। এতদিন ৫ টাকার থালিতে ডাল-ভাত, তরকারি ও ডিম মিললেও এবার থেকে সপ্তাহে দুদিন মাছ-ভাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই চালু হবে নতুন অভিযোগ জানানোর কর্মসূচি ‘আপনার সরকারকে বলুন’। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই দুই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
মা ক্যান্টিনে (Maa Canteen) মাছ-ভাত
রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু থাকা ‘মা ক্যান্টিন’-এ এবার নতুন মেনু চালুর পথে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সপ্তাহে দুদিন করে ৫ টাকার প্লেটে মাছ দেওয়া হবে। আপাতত প্রায় ৩৬৭টি ক্যান্টিনে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি বলেন, সরকার প্রাথমিকভাবে এই বিষয়ে আলোচনা করেছে এবং খুব শীঘ্রই তা কার্যকর করা হবে। তাঁর বক্তব্য, “২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।”
এর আগে তৃণমূল সরকারের আমলে ‘মা ক্যান্টিন’ (Maa Canteen) প্রকল্প শুরু হয়েছিল। সেই সময় পাঁচ টাকার বিনিময়ে দুপুরে ডাল, ভাত, তরকারি ও ডিম দেওয়া হত। দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই পরিষেবা চালু থাকত। এবার বিজেপি সরকার সেই প্রকল্পেই নতুন সংযোজন আনতে চলেছে।
‘আপনার সরকারকে বলুন’ শুরু আগামী সপ্তাহে
শুধু মা ক্যান্টিন (Maa Canteen) নয়, নতুন সরকারি কর্মসূচির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আর থাকবে না ‘মুখ্যমন্ত্রীকে বল’। তার বদলে চালু করা হবে ‘আপনার সরকারকে বলুন’। তৃণমূল আমলে শুরু হওয়া ‘মুখ্যমন্ত্রীকে বল’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ফোন বা হেল্পলাইনের সাহায্যে নিজেদের সমস্যা ও অভিযোগ জানাতে পারতেন। এবার সেই ব্যবস্থার নাম বদলে নতুনভাবে শুরু করতে চলেছে বর্তমান সরকার।

আরও পড়ুনঃ ৩ বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বড় অ্যাকশন, সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ১০
মুখ্যমন্ত্রী জানান, নতুন নামটি ঠিক করার জন্য রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের পরামর্শ নেওয়া হয়েছিল। তাঁর দেওয়া নামই সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকারের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা দ্রুত শোনা এবং পরিষেবা আরও সহজভাবে পৌঁছে দিতেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।













