বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল রাইজিং স্টার্স এশিয়া কাপ (2026 Rising Stars Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) মাঠে নেমেছিল ভারতীয় ‘এ’ দল (India A Team)। প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে ৩১৪ রানের টার্গেট সেট করে পাকিস্তান ‘এ’ দল। কিন্তু তারকা ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ও অধিনায়ক তিলক ভার্মার (Tilak Varma) শতরান সত্ত্বেও ৪৮ রানের ব্যবধানে হার মানতে হয় ভারতকে।
এদিন ভারতীয় দলের বোলাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। হর্ষিত রানা ও প্রিন্স যাদবের মতো সিনিয়র দলে খেলা তারকারা ২ টি উইকেট তুললেন রান বিলিয়েছেন অকাতরে। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও কখনোই রানের গতির ওপর প্রভাব পড়তে দেয়নি পাকিস্তান। হাসান নওয়াজ, ফারহান ইউসুফ, মাজ সাদাকাতদের হাফসেঞ্চুরিতে ভর করে ৩১৩ রান তোলে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী ব্যর্থ হয়ে ফিরলেও জ্বলে ওঠেন অভিষেক। ১৬৬ স্ট্রাইক রেটে ৭০ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন তিনি। কিন্তু তারপর শাহবাজ আহমেদের আগ্রাসী হাফসেঞ্চুরি ছাড়া অন্য ভারতীয় ব্যাটাররা অধিনায়ক তিলকের সঙ্গে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন।
এদিন শুরুতে অত্যন্ত ধীর গতিতে রান তুলছিলেন অধিনায়ক তিলক ভার্মা। নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে তিনি ৯৫ বল সময় নিয়ে ফেলেন। ৩০০ রানের ওপরে কোনও টার্গেট তাড়া করতে গিয়ে এতটা ধীরগতিতে ব্যাটিং দলের বাকি ব্যাটারদের ওপর চাপ বাড়িয়েছিল বলে অনুমান বিশেষজ্ঞদের। শেষপর্যন্ত ১৪৯ বলে ১০০ রান করে আউট হন তিলক। ভারত আটকে যায় ২৬৫ রানে। এই টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে শতরান করলেও পাকিস্তানের বিরুদ্ধে এই ধীর গতির ইনিংসের জন্য সমালোচিত হচ্ছেন অভিজ্ঞ তিলক।
আরও পড়ুন: ম্যাককালামকেকে টপকে গেলেন পন্থ! প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে গড়লেন এই কীর্তি
কিন্তু নিজের কোনও দোষ আছে এমনটা মানতে নারাজ অধিনায়ক তিলক। ম্যাচের পর সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অভিষেক যেভাবে শুরু করেছিল এবং মাঝপথে শাহবাজ যেভাবে আমার সাথে জুটি গড়ে তুলেছিল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা যখন রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই শাহবাজ আউট হয়ে যায়। সে যদি আরও অন্তত দুটি ওভার টিকে থাকতে পারত, তবে আমি হয়তো ম্যাচটি শেষ করে আসতে পারতাম।’












