বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ভারতীয় দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্টে অসাধারণ ছন্দ প্রদর্শন করেছে। তার মধ্যে আলাদা করে উজ্জ্বল উপস্থিতি ছিল লোকেশ রাহুলের (KL Rahul)। ক্রিকেটের ব্যাকরণ মেনে ঠান্ডা মাথায় অসাধারণ শতরান করে সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) জোড়া কীর্তি ছুঁয়েছেন রাহুল।
সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের মতোই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই শতরানের দেখা পেয়েছেন রাহুল। একবিংশ শতকে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছুঁয়েছেন তিনি। তার ২৯০ বলে ১৩৬ রানের ধৈর্য্যশীল ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ২ টি ছক্কা দিয়ে।

এছাড়া ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নির্দিষ্ট ফরম্যাটে SENA দেশগুলিতে সবচেয়ে বেশি টেস্ট শতরান হাঁকানোর তালিকায় সুনীল গাভাস্কারকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দুজনেই এই চার দেশে মোট ৮ টি করে শতরান করেছেন। এই তালিকায় তাদের চেয়ে এগিয়ে থাকা তিনজন ভারতীয় হলেন শচীন টেন্ডুলকার (১৭), বিরাট কোহলি (১২) ও রাহুল দ্রাবিড় (১০)।
এর আগে রাহুল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ওপেনার হিসেবে টেস্ট শতরান করেছিলেন। ওয়েলিংটনে করা শতরানটির মাধ্যমে তার SENA দেশগুলিতে শতরান করার তালিকাটি পূর্ণাঙ্গ হলো। এশিয়ান ওপেনারদের মধ্যে কেবল দুজনই এই কৃতিত্ব অর্জন করেছেন; তাঁদের মধ্যে প্রথমজন ছিলেন পাকিস্তানের সাঈদ আনোয়ার। সামগ্রিকভাবে, রাহুল পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি চারটি SENA দেশেই টেস্ট সেঞ্চুরি করার নজির গড়েছেন।
আরও পড়ুন: ভারতীয় দলে পন্থ ম্যাজিক অব্যাহত! শুভমান গিলের সাথে ছুঁলেন বড় মাইলফলক, প্রশংসায় মাতলেন শাস্ত্রী
তবে রাহুলদের ব্যাটে ভর করে চতুর্থ দিনে বড় লিড নেওয়ার পরেও ভারতের জয়ের সম্ভবনা ক্রমশ কমছে। চতুর্থ দিনের শেষে দুই উইকেট খুঁইয়ে ১১৯ রান তুলেছে কিউয়িরা। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৮ উইকেট। ২৩৩ রানে পিছিয়ে রয়েছে তারা। কিন্তু ব্যাটিং-বান্ধব এই পরিস্থিতিতে ভারতীয় বোলারদের কিউয়িদের অলআউট করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপাতত ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কম।












