বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বর্তমানে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে কেবল ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের মাটিতে ভারত সিরিজ জিতলেও ব্যাট হাতে একেবারেই নিজেদের সেরা ছন্দের ধারেকাছে ছিলেন না দুই তারকা। তারপরেই আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) স্কোয়াডে তাদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকে।
যেহেতু আসন্ন বিশ্বকাপের একটা বড় অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে পিচ ও পরিস্থিতি অনেকটাই নিউজিল্যান্ডের মতো হওয়ার সম্ভবনা রয়েছে, তাই সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে দুই তারকার পারফরম্যান্সের দিকে নজর ছিল অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু তারা দুজনেই হতাশ করেছেন এই সিরিজে।

সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি ৭৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। কিন্তু তার পরের তিনটি ম্যাচ মিলিয়ে মাত্র ১২ রান করতে পেরেছেন তিনি। রোহিত শর্মার অবস্থা ছিল আরও সঙ্গীন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দাপুটে ব্যাটিং করার পর এই সিরিজে চার ইনিংস মিলিয়ে মাত্র ৩০ রান করেছেন তিনি। দুইবার রানের খাতা খোলার আগেই ফিরেছেন ড্রেসিংরুমে।
কিন্তু তারপরেও তাদের ওপর ভরসা রাখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। ব্যাট হাতে দুই তারকা বিদেশের মাটিতে ব্যর্থ হলেও জাফর নিজের বক্তব্যে বলেছেন, “২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে এখন কথা বলা অপ্রয়োজনীয়। আমাদের সেই অভিজ্ঞতার প্রয়োজন আছে। এরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন এবং বিশ্বকাপ জয়ের জন্য তারা সম্ভাব্য সবকিছুই করবেন। বিশ্বকাপের পর আপনি নতুন ও তরুণ দল গড়ার কথা ভাবতে পারেন। তবে দক্ষিণ আফ্রিকায় আপনার সেই অভিজ্ঞতার প্রয়োজন হবেই। আর এমনও নয় যে তারা কেবল বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়; বিরাট যে কারো মতোই ফিট, বরং সম্ভবত তিনিই সবচেয়ে বেশি ফিট। তাছাড়া, তিনি যেভাবে রান করছেন, তা অসাধারণ।”
আরও পড়ুন: আচমকাই এই তারকাকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর! সমালোচনায় মুখর ক্রিকেট বিশেষজ্ঞরা
এরপর মুম্বাইয়ের প্রাক্তন তারকা ক্রিকেটার আরও বলেছেন, “রোহিতের ক্ষেত্রে মানতে হবেই গত দুই বিশ্বকাপে তিনি যেমন পারফর্ম করেছেন, তাতে এবারও বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরার জন্য তিনি কোনও চেষ্টাই বাকি রাখবেন না। শুভমান নিজেও একজন তরুণ অধিনায়ক, তাই তাকে পথ দেখানোর জন্য এই অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন হবে। দলে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক ভারসাম্য থাকা জরুরি। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত এ নিয়ে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই।”












