বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ইংল্যান্ড সফরে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিংয়ের মূল চালিকাশক্তি। মূলত তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ব্রিটিশদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজের কিউয়িদের বিরুদ্ধে (New Zealand vs India) প্ৰথম টেস্টের ভারতীয় একাদশ থেকে সেই মহম্মদ সিরাজকেই (Md. Siraj) ছেঁটে ফেললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দীর্ঘদিন ধরেই অক্লান্তভাবে ভারতীয় দলকে সার্ভিস দিয়ে চলেছেন সিরাজ। তবে গত শ্রীলঙ্কা সফরে তাকে নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি। সেই সিরিজের পিচ বা পরিবেশও পেসারদের জন্য আদর্শ ছিল না। অনেকেই আশঙ্কা করছেন ওই সিরিজে সফল না হওয়ার কারণেই তাকে ছেঁটে ফেলেছেন গম্ভীর। টি-টোয়েন্টি বা ওডিআই দলে আর নিয়মিত সুযোগ পান না সিরাজ। কিন্তু টেস্ট দলেও যে তিনি নিজের জায়গা হারাবেন তা হয়তো কেউই ভাবেননি।

গম্ভীরের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি নিজের বক্তব্যে বলেছেন, “তার বোলিংয়ে কোনো সমস্যা ছিল না। ইদানীং তাকে যতবার ক্রিকেট খেলতে দেখেছি, তাতে মনে হয়েছে তার ছন্দ বেশ ভালোই ছিল। তাকে বাদ দেওয়ার বিষয়টি সত্যিই চমকে দেওয়ার মতো। আমার মনে হয় না সে ভারতকে হতাশ করেছে; সে কখনোই ভারতকে হতাশ করেনি।” সদ্য সমাপ্ত ওডিআই সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে মাঠে নেমে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন সিরাজ। এর থেকেই প্ৰমাণিত হয় গাভাস্কারের দাবি ভুল নয়।
আরও পড়ুন: এই কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও দলে এই তারকাকে জায়গা দিতে পারছে না BCCI! চিন্তায় সমর্থকরা
গম্ভীরের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারই প্রাক্তন ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেওবাগও। তারকা প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাদশে মহম্মদ সিরাজকে না রাখাটা আশ্চর্যজনক। বিশেষ করে ইংল্যান্ড সিরিজে তিনি যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন, তার প্রেক্ষিতে এটি আরও বেশি বিস্ময়কর। তিনি ছিলেন ভারতের সেরা বোলার এবং নিশ্চিতভাবেই দলে থাকার যোগ্য ছিলেন। যদিও ভারতের প্রতিটি বোলারেরই ভালো খেলার সক্ষমতা রয়েছে, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সিরাজ দলে সুযোগ পাওয়ার জোরালো দাবিদার ছিলেন। সত্যি বলতে, আমার মতে, আজকের ম্যাচে মহম্মদ সিরাজকে না খেলানোর সিদ্ধান্তটি অত্যন্ত দুর্বল একটি নির্বাচন।”
আরও পড়ুন: শ্রেয়স আইয়ারের নেতৃত্বের চরম প্রশংসা রবি শাস্ত্রীর! ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক
তবে গৌতম গম্ভীরকে স্বস্তি দিয়ে দলে সুযোগ পাওয়া চার পেসারদের মধ্যে তিনজন দুর্দান্ত বোলিং করেছেন। দীর্ঘদিন পর টেস্ট ফরম্যাটে নেমে চা পানের বিরতির আগে তিনটি উইকেট তুলে নিয়েছেন বুমরা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া শুভমানকে স্বস্তি দিয়ে উইকেট পেয়েছেন আকাশদীপ এবং আনশুল কম্বোজও। নিউজিল্যান্ড মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছে হেনরি নিকোলাস ও গ্লেন ফিলিপ্সের জুটি। চা পানের বিরতি অবধি আর কোনও উইকেট না খুঁইয়ে ১৪০ রান তুলেছে তারা।












