বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যের নিম্ন আদালতগুলিতে ২৯টি শূন্যপদে বিচারক নিয়োগে সিলমোহর শীর্ষ আদালতের৷ আগেই শূন্যপদে বিচারক নিয়োগে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবারে মামলাকারীদের আপত্তি খারিজ করে সুপ্রিম কোর্টও সেই নির্দেশেই সায় দিল।
হাইকোর্টের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে | Supreme Court
এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই নির্দেশ দিয়েছিল। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চেও নিয়োগে আপত্তি তুলে করা মামলা খারিজ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না।
কী নিয়ে মামলা?
২০২২ সাল থেকে চলতে থাকা এই নিয়োগের উপর মূলত শূন্যস্থান ও সংরক্ষণকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা হয়। নিম্ন আদালতের বিচারক পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের নীতি মানছে না পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বলে অভিযোগ তুলে দু’জন ওবিসি-এ ও ওবিসি-বি ক্যাটেগরির প্রার্থী মামলা দায়ের করেছিলেন।
প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন৷ যদিও পরে সেই স্থগিতাদেশ তুলে পিএসসি-কে নিয়োগের অনুমতি দেন তিনি৷ সেই নির্দেশের বিরোধীতা করে ডিভিশন বেঞ্চে মামলা হলে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের আবেদন খারিজ করে দেয় গত সেপ্টেম্বর মাসে। তবে সেখানেও না থেমে সুপ্রিম কোর্টে যান মামলাকারীরা।
মামলাকারীদের আইনজীবীরা জানিয়েছেন, রাজ্যে নিম্ন আদালতগুলিতে শূন্যপদে বিচারক নিয়োগের জন্য একটি মুল বা রেগুলার তালিকা এবং আরেকটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিল PSC. রেগুলার তালিকায় থাকা প্রার্থীরা সরাসরি নিযুক্ত হবেন ৷ আর সম্ভাব্য তালিকার প্রার্থীদের নিয়োগ কয়েকটি শর্তের উপর নির্ভর করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

শর্তের মধ্যে ছিল, কোনও বিচারক যদি কাজ থেকে অব্যাহতি নেন বা কর্মরত অবস্থায় মৃত্যু হলে অথবা অন্যত্র স্থানান্তরিত হলে দ্বিতীয় তালিকায় থাকা বিচারকরা নিযুক্ত হবেন। এই সম্ভাব্য তালিকার প্রার্থীরা অভিন্ন তালিকা প্রকাশের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন।
আরও পড়ুন: মাঘের শুরুতেই অনেকটা বেড়েছে সোনার দাম, ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর আজকের লেটেস্ট রেট জানুন
একইসাথে সংরক্ষণ নীতি সঠিকভাবে প্রয়োগ হয়নি এই অভিযোগ তোলাম ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরির প্রার্থীরা। একইসাথে রেগুলার তালিকার প্রার্থীদেরও দাবি ছিল, তাঁদের নিয়োগ হাইকোর্টের স্থগিতাদেশের জন্য আটকে আছে। এতদিন পর সুপ্রিম কোর্টে সেই মামলার জট খুলল।












