বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার একাধিক কর্মসূচি ঘিরে ব্যস্ত ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিন। কিন্তু নির্ধারিত সফরের মাঝেই বিপত্তি। আকাশপথে যাওয়ার সময় তাঁর কপ্টারে আচমকা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে কোলাঘাটে কপ্টারটি জরুরি অবতরণ করানো হয়। এরপর সেখান থেকে সড়কপথে কেশপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
কেন জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কপ্টারের?
এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি সভা করার কথা ছিল শুভেন্দুর। সেখানকার কর্মসূচি শেষ করে বাঁকুড়ায় যাওয়ার কথা রয়েছে তাঁর। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেই মতো দমদম বিমানবন্দর থেকে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
নির্ধারিত সময়েই দমদম বিমানবন্দরে পৌঁছে যান শুভেন্দু। জানা গিয়েছে, কপ্টার ওড়ার আগেই তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে দ্রুত কপ্টারটি পরীক্ষা করে দেখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সমস্যা খতিয়ে দেখার পর ওই কপ্টারেই কেশপুরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।কিন্তু আকাশপথে যাওয়ার সময় ফের সমস্যার মুখে পড়ে কপ্টারটি। আচমকাই কোলাঘাট এলাকায় সেটি জরুরি অবতরণ করানো হয়। এরপর আর ঝুঁকি না নিয়ে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন শুভেন্দু।
জানা গিয়েছে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। আচমকা কপ্টার নামার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়।হেলিকপ্টারটি মাঠে নামার পরই নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন।
তবে প্রাথমিক ভাবে যে তথ্য সামনে এসেছে, তাতে হেলিকপ্টারে কোনও যান্ত্রিক গোলযোগের কারণে এই অবতরণ নয়। খারাপ আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখেই নিরাপত্তার কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানা যাচ্ছে। এদিকে, আবহাওয়া পরিস্থিতি অনুকূল হলে পরে ফের হেলিকপ্টারে যাত্রা করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন :আরও স্বস্তিতে অভিষেক! বিদেশযাত্রার সুপ্রিম-অনুমতির পর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
উল্লেখ্য, শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে তাঁর জন্মভিটে কেশপুরের মোহবনিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে ক্ষুদিরাম বসুর বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তাঁর। সেই কর্মসূচিতে যাওয়ার পথেই আচমকা বিপত্তির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।













