কলকাতায় ফিরেছিলেন ২০ বছর পর, এবার দশমের প্রশ্নপত্রে তসলিমা! দেখে কী বললেন লেখিকা?

Published on:

Published on:

Taslima Nasrin Speech in School Exam Paper
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় ২০ বছর পর ফিরেছিলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে তিনি কলকাতা থেকে নির্বাসন, দীর্ঘদিন শহরের বাইরে থাকার কষ্ট এবং বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছিলেন। এবার তাঁর সেই বক্তব্যের একটি অংশই জায়গা পেল সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে। বিষয়টি জানতে পেরে খুশি তসলিমা।

বাংলা পরীক্ষার প্রশ্নে তসলিমা (Taslima Nasrin)

সাউথ পয়েন্ট স্কুলের মিড টার্ম পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের আনসিন বিভাগে তসলিমার (Taslima Nasrin) বক্তৃতার একটি ছোট অংশ রাখা হয়েছে। পুরো বক্তৃতা নয়, শুধু একটি অংশই প্রশ্নে দেওয়া হয়েছে। এই খবর শুনে তসলিমা জানান, এত বছর পর কলকাতায় ফিরে তাঁর বক্তব্য পরীক্ষার অংশ হয়েছে, এতে তিনি খুব খুশি। আগামী ৭ অক্টোবর ফের বাংলায় আসার কথাও জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তসলিমা (Taslima Nasrin) লেখেন, এতদিন তাঁকে দেশ থেকে বের করে দেওয়া, কলকাতা ছাড়তে বাধ্য করা, তাঁর বই নিষিদ্ধ করা এবং তাঁর লেখা পড়তে না দেওয়ার কথা শুনেছেন। অথচ এবার তিনি দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে জায়গা করে নিয়েছেন। যে কলকাতা থেকে তাঁকে একদিন চলে যেতে হয়েছিল, সেই কলকাতায় তাঁর ফিরে আসার কথাই এখন পরীক্ষার গদ্যাংশ। বিষয়টিকে মজার ঘটনা বলে উল্লেখ করে তসলিমা লেখেন, “মানুষকে নির্বাসিত করা যায়, লেখাকে বোধহয় অত সহজে নির্বাসিত করা যায় না।”

রবীন্দ্র সদনে কী বলেছিলেন?

গত মাসে ২০ বছর পর কলকাতায় ফিরে রবীন্দ্র সদনে নিজের বই প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তসলিমা (Taslima Nasrin)। তিনি বলেন, কলকাতায় ফিরতে তাঁর দুই দশক সময় লেগেছে। নিজের ভাষার শহরে আসতে একজন লেখকের পুলিশের সাহায্য লাগছে, বিষয়টি তাঁর কাছে খুবই কষ্টের।

তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক দলের হয়ে তিনি কথা বলতে আসেননি। বাক স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার কথা বলতেই কলকাতায় এসেছেন। তাঁর বক্তব্য ছিল, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞাও চিরস্থায়ী নয়। বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না।

Taslima Nasrin Set to Return Kolkata After 20 Years Shares Emotional Message

আরও পড়ুনঃ ধর্মের জায়গায় রাজনৈতিক সভা! মাহেশে মমতার কর্মসূচি নিয়ে কী বলল হাই কোর্ট?

আগস্ট তাঁর জন্মের মাস এবং নির্বাসনের মাস বলেও জানান তসলিমা (Taslima Nasrin)। এবার থেকে আগস্টকে তিনি তাঁর প্রত্যাবর্তনের মাস হিসেবেই দেখতে চান।