বাংলা হান্ট ডেস্ক: টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়ার স্টক (Share Market) গত কয়েক মাসে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে কোম্পানিটির স্টক প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে, ভোডাফোন-আইডিয়ার স্টক তার ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর থেকে ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, কোম্পানির স্টকে এই ব্যাপক বৃদ্ধি সত্ত্বেও, বাজার বিশেষজ্ঞরা ফান্ডামেন্টাল উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বৃহস্পতিবার BSE-তে ভোডাফোন-আইডিয়ার স্টক ১.৭৫ শতাংশ পতনের সঙ্গে ১৪.০৭ টাকায় বন্ধ হয়েছে। জানিয়ে রাখি যে, ভোডাফোন-আইডিয়া গত মে মাসে টানা চতুর্থবারের মতো নতুন ওয়্যারলেস সাবস্ক্রাইবার (মোবাইল ব্যবহারকারী) যুক্ত করেছে।
স্টকের (Share Market) দাম ১৩০ শতাংশ বেড়েছে:
মূলত, টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়ার স্টক তার ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর থেকে ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-এর ১৪ অগাস্টে কোম্পানিটির স্টকের দাম ছিল ৬.১২ টাকা। এদিকে, ২৫ জুন, ২০২৬ তারিখে ভোডাফোন-আইডিয়ার স্টকের দাম ১৪.০৭ টাকায় বন্ধ হয়। গত ৩ মাসে কোম্পানিটির স্টকের দাম ৬৫ শতাংশ বেড়েছে। এদিকে, গত ১ বছরে কোম্পানিটির স্টকের দাম প্রায় ৯৮% বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে, এই টেলিকম কোম্পানিটির স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ১৫.৩৫ টাকা। বৃহস্পতিবার ভোডাফোন-আইডিয়ার মার্কেট ক্যাপ ১.৫২ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে।

বেশ কিছু ইতিবাচক খবর কোম্পানির স্টকের দাম বাড়িয়ে দিয়েছে: উল্লেখ্য যে, কিছু ইতিবাচক খবরের কারণে গত কয়েক মাস ধরে ভোডাফোন-আইডিয়ার স্টকে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গত মে মাসের শুরুতে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) ভোডাফোন-আইডিয়ার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR) ২৭ শতাংশ কমিয়ে ৬৪,০৪৬ কোটি টাকা নির্ধারণ করে।
এদিকে, কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোন-আইডিয়ার নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হওয়ায় কোম্পানির স্টকের দাম আরও একবার বেড়ে যায়। প্রায় ৫ বছর আগে, তিনি আর্থিক চাপের কারণে টেলিকম কোম্পানিটির একই পদ থেকে পদত্যাগ করেছিলেন। এছাড়াও, ভোডাফোন-আইডিয়া চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করেছে যে, তারা ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে প্রোমোটার আদিত্য বিড়লা গ্রুপের কাছ থেকে ১,১৮২ কোটি টাকা সংগ্রহ করেছে।
আরও পড়ুন: ৬৭২.৫৯ বিলিয়ন ডলার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি
টানা চতুর্থ মাসেও কোম্পানিটি নতুন মোবাইল সাবস্ক্রাইবার যুক্ত করেছে: ভোডাফোন-আইডিয়া টানা চতুর্থ মাসে নেট ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) দ্বারা প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, কোম্পানিটি গত মে মাসে ১.২১ লক্ষ সাবস্ক্রাইবার যুক্ত করেছে। এর আগে, ভোডাফোন-আইডিয়া এপ্রিল মাসে ৫৩,২৫৭ নেট ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত করেছিল। এছাড়াও, কোম্পানিটি গত মার্চ মাসে ১,০২,৮৯৯ এবং ফেব্রুয়ারি মাসে ২১,৯২৭ নেট ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত করেছিল। সম্মিলিতভাবে, গত ৪ মাসে টেলিকম কোম্পানিটি মোট ২,৯৯,৩৭২ জন নতুন সাবস্ক্রাইবার যুক্ত করেছে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।













