বাংলাহান্ট ডেস্ক : অফিস এবং নিত্যযাত্রীদের বড়সড় সমস্যায় ফেলে বন্ধ হতে চলেছে জনপ্রিয় অ্যাপক্যাবের একটি পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে, ‘শাটল’ পরিষেবা কলকাতায় বন্ধ করতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থা উবার (Uber)। গত সাড়ে তিন বছর ধরে উবার শাটল পরিষেবা দিয়ে আসছে শহর কলকাতায়। বহু যাত্রী উপকৃতও হয়েছে এতে। কিন্তু হঠাৎ করেই এবার সেই পরিষেবা বন্ধ করার পথে হাঁটছে উবার।
শাটল পরিষেবা বন্ধ করে দিচ্ছে উবার (Uber)
প্রায় সাড়ে তিন বছর আগে শাটল পরিষেবা নিয়ে এসেছিল উবার। নিত্যযাত্রীদের অন্যতম বড় অবলম্বন হয়ে উঠেছিল এই পরিষেবা। ভিড় বাসে গরমের মধ্যে যাতায়াত করার থেকে রেহাই পেয়েছিলেন অনেকে। কিন্তু এবার হঠাৎ করেই পরিষেবা বন্ধ হওয়ায় বড় সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

বড় ক্ষতির মুখে গাড়ি মালিকরা: এতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে শাটল মালিকরাও। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক জানান, উবার যখন এই পরিষেবা চালু করে তখন গাড়ি চালকদের বিপুল টাকা বোনাস হিসেবে দেওয়া হয়েছিল। তার জন্য অনেকেই সে সময় নিজেদের বড় গাড়ি পরিষেবায় দিয়েছিলেন। বর্তমানে কলকাতায় শাটল পরিষেবায় প্রায় ৮০০-১০০০ গাড়ি চলছে। কিন্তু উবারের (Uber) এই সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন গাড়ি চালক এবং মালিকরাও।
আরও পড়ুন : ফের ডিমের দামে উর্দ্ধগতি, কলকাতায় প্রতি পিস কত করে বিকোচ্ছে?
কেন এই সিদ্ধান্ত: কিন্তু হঠাৎ এমন জনপ্রিয় পরিষেবা বন্ধ কেন করে দিচ্ছে উবার? মনে করা হচ্ছে, ফান্ডিংয়ের অভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা। এও দাবি করা হচ্ছে, আশানুরূপ লাভ পাচ্ছিল না সংস্থা। সেই কারণেই কলকাতা সহ দেশের অন্যান্য শহরেও শাটল পরিষেবা বন্ধ করতে চলেছে উবার।
আরও পড়ুন : পরপর দুবার, আরও বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
এমতাবস্থায় বিকল্প রাস্তা খুঁজতে উদ্যোগী হয়ে উঠেছে যাত্রীরা। যেমনটা জানা যাচ্ছে, সিটিফ্লো নামে একটি সংস্থা খুব শীঘ্রই কলকাতায় শাটল পরিষেবা চালু করতে চলেছে। এছাড়া বাইক, ট্যাক্সি, অ্যাপ ক্যাব থেকে কলকাতা মেট্রোও রয়েছে বিকল্প অপশনে।












