Vaibhav Sooryavanshi: “আমি RCB ভক্ত” – বিরাটের পরামর্শে বৈভবের নতুন অধ্যায়! কি পরামর্শ দিলেন কোহলি? মিললো উত্তর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৬-এর (IPL 2026) ফাইনালের পর মাঠের একটা ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজে দল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতিয়ে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli), আর তার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে রেখে পরামর্শ শুনছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই একটা ছবি যেন দুটো ভিন্ন প্রজন্মের গল্প বলে দিল।

বিরাট কোহলি হলেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার। অরেঞ্জ ক্যাপ থেকে শুরু করে আইপিএল ট্রফি, কোনও কিছুই আর অধরা নেই তার। ফাইনাল ম্যাচে ইনজুরি নিয়েই দলকে জয় এনে দিয়েছেন। সদ্যসমাপ্ত মরশুমে ৩৭ বছরের বিরাট এবারও ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। এই টুর্নামেন্টে তিনি ১৬ ম্যাচে ৬৭৫ রান করেছেন। গড় ছিল ৫৬.২৫ এবং নিজের আইপিএল কেরিয়ারের সেরা স্ট্রাইক রেট (১৬৫.৮৫) বজায় রেখে রান করেছেন তিনি। পেয়েছেন ১টি সেঞ্চুরি, ৫টি হাফ-সেঞ্চুরি। ফাইনালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিত করেন তিনি।

কিন্তু ফাইনাল ম্যাচে পাওয়া চোটের জন্য ১৩ই জুন থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেছেন কোহলি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, সেরে উঠতে তার প্রয়োজন বেশ কিছুদিনের বিশ্রামের। জুলাইয়ে ইংল্যান্ড সফরে খেলতে পারবেন কিনা, তা এখনও অনিশ্চিত।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড

অপরদিকে ১৫ বছরের বৈভব সূর্যবংশী সদ্যসমাপ্ত আইপিএলে হয়ে উঠেছেন বোলারদের ত্রাস। রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার বৈভব ২০২৬ সালে ক্রিকেটবিশ্বে নিজের আগমণ বার্তা প্রচার করে দিয়েছেন। আইপিএলে ১৬টি ইনিংসে করেছেন ৭৭৬ রান , গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩১। মাত্র ১৫ বছরেই জিতেছেন অরেঞ্জ ক্যাপের খেতাব। হয়েছেন সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ বিজয়ী, মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে। তার আগে এই রেকর্ডটি ছিল সাই সুদর্শনের (২৩ বছর ২৩১ দিন)। ফলস্বরূপ শচীনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

ফাইনালের পর এই দুই মহাতারকার ফের একবার দেখা হয় মাঠে। বড় দাদার মতো বিরাট বৈভবের কাঁধে হাত রেখে পরামর্শ দিতে থাকেন। চোখ নামিয়ে বাধ্য অনুগামীর মতো বিরাটের পরামর্শ শোনেন বৈভব। কিন্তু ঠিক কি পরামর্শ পেলেন বৈভব? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই তথ্য ফাঁস করেছেন এই ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ

কোহলি তাকে কি পরামর্শ দিয়েছেন সেই প্রশ্নের জবাবে বৈভব বলেন, “আমি আগে থেকেই আরসিবি-র ভক্ত ছিলাম। আসলে, আমি বিরাট কোহলির অনেক বড় ভক্ত ছিলাম। উনি যখন অমন করে আমার কাঁধে হাত রাখলেন এবং আমার সাথে কথা বলছিলেন, তখন সত্যি বলতে আমার স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ হচ্ছিল। তিনি যেভাবে কথা বলছিলেন, তাতে মনেই হচ্ছিল না যে তিনি বিরাট কোহলি। তিনি আমার সাথে বড় ভাইয়ের মতো কথা বলছিলেন, তিনি আমাকে বলে দিলেন আমার ক্রিকেটে কী করা উচিত এবং কোন বিষয়গুলির ওপর আরও মনোযোগ দেওয়া উচিত।”