“শচীনের পায়ের ধুলোরও যোগ্য নয়”, ভারতীয় দলে ছেলে সুযোগ পেতেই মন্তব্য বৈভব সূর্যবংশীর বাবার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০২৬ সালে আয়োজিত আইপিএলে (IPL 2026) অসাধারণ পারফরম্যান্স করার ফল পেয়েছেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) চেয়েও কম বয়সে ভারতীয় সিনিয়র দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন তিনি। আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সফরের পাশাপাশি জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের দলে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মাঠে নামবেন বৈভব।

শচীনের মতোই অল্পবয়সে বিশ্ব ক্রিকেটের ত্রাস হয়ে উঠেন বৈভব:

১৫ বছরের বৈভব সূর্যবংশী সদ্যসমাপ্ত আইপিএলে হয়ে উঠেছিলেন বোলারদের ত্রাস। রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার বৈভব ২০২৬ সালে ক্রিকেটবিশ্বে নিজের আগমণ বার্তা প্রচার করে দিয়েছেন। আইপিএলে ১৬টি ইনিংসে করেছেন ৭৭৬ রান , গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩১। মাত্র ১৫ বছরেই জিতেছেন অরেঞ্জ ক্যাপের খেতাব। হয়েছেন সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ বিজয়ী, মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে। তার আগে এই রেকর্ডটি ছিল সাই সুদর্শনের (২৩ বছর ২৩১ দিন)। ফলস্বরূপ শচীনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞরা একটি বিশেষ পরিসংখ্যান সকলের সামনে তুলে ধরেছে যেটি অনুযায়ী শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন বৈভব। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার যখন প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তখন তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। যা ছিল সর্বকনিষ্ঠ হিসেবে ভারতীয় সিনিয়র স্কোয়াডে ডাক পাওয়ার রেকর্ড। কিন্তু শচীনের জন্য সেই রেকর্ড আর ছেড়ে রাখেননি বৈভব। মাত্র ১৫ বছর ৭০ দিন বয়সে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়ে মাস্টার-ব্লাস্টারের রেকর্ড ভেঙেছেন তিনি।

কিন্তু এই রেকর্ডের জন্য এখনই লিটল মাস্টারের সঙ্গে বৈভবের তুলনা টানতে নারাজ বৈভবের পিতা সঞ্জীব সূর্যবংশী। তিনি সরাসরি বলেন, “দেখুন, এখনই বৈভবকে শচীন বা ব্র্যাডম্যানের সাথে তুলনা করা একেবারেই ঠিক কাজ নয়। এই কিংবদন্তিরা এত দীর্ঘ সময় ধরে খেলেছেন এবং এত অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছেন যা কল্পনা করলেই চমকে উঠতে হয়। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলোর সমানও নয়। এই তুলনা করা উচিত নয়।”

আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

এই বিষয়ে একই ধারণা পোষণ করেন বৈভব নিজেও। তিনিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে ভারতীয় দলে সুযোগ পেয়েই তার কাজ শেষ হয়ে যায়নি। তার পরবর্তী লক্ষ্য হলো দেশের জার্সিতে নিয়মিত মাঠে নামা এবং দীর্ঘ সময় ধরে দেশের জার্সিতে খেলে যাওয়া। তিনি সেই লক্ষ্যে সফল হবেন কিনা তা জানতে গেলে এখন অপেক্ষা ২০ বছরের।