বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে কেবলমাত্র ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli)। বাকি ফরম্যাটগুলি থেকে অবসর নিয়ে নিলেও এই ফরম্যাটে বেশ ভালোই ছন্দে রয়েছেন তিনি। নিজের শেষ ১০ ওডিআই ম্যাচে তিনি ৩ টি শতরান ও ৫ টি হাফ-সেঞ্চুরি করেছেন। এর থেকেই বোঝা যায় বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে ঠিক কতটা ভালো ছন্দে রয়েছেন এই মহাতারকা।
কিছুদিন আগেই তিনি ভারতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছিলেন অনেকেই। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় তিনি ও অন্যান্য সিনিয়ররা নেই এমন দাবি করেছিলেন অনেকে। ফলে আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়বেন কোহলি। তিনি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য না করায় জল্পনা আরও বাড়ছিল।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার আগে বিরাট কোহলি জানিয়ে দিলেন যে বিশ্বকাপ খেলে তারপরেই অবসর নিতে চান তিনি। আর সাম্প্রতিক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরও উল্লেখ করেছেন যে কিভাবে কোহলির মতো অভিজ্ঞ তারকার উপস্থিতি তরুণ অধিনায়ক শুভমান গিলের কাজ সহজ করছে। তাই বিরাট কোহলি যে বিশ্বকাপ অবধি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।
আরও পড়ুন: ভারতীয় দলে ফিরেই ইতিহাস! একইসাথে দুই কিংবদন্তির রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি
কোহলি বিশ্বকাপ প্রসঙ্গে নিজের বক্তব্যে বলেছেন, “এটাই ভারতের জার্সিতে আমার শেষ বিশ্বকাপ। এই বিষয়টাই আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। নিজের সবটা দিয়ে আমি এই টুর্নামেন্টে খেলবো। আর অবশ্যই আমার লক্ষ্য থাকবে দলকে বিশ্বকাপ জেতানো। তার জন্য যা যা দরকার, তার সবটা করার জন্য আমি সবসময় প্রস্তুত।”
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্য রাতে ঘুমাতে পারেননি! বড় রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর
৫০ ওভারের বিশ্বকাপ যে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অনেক বেশি কঠিন সেটাও উল্লেখ করেছেন কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন, “৫০ ওভারের বিশ্বকাপের উত্তেজনা সবসময় সবথেকে বেশি। ভাবুন আপনি একদিনে আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আর সেই উত্তেজনা টানা ১০ ম্যাচ ধরে রাখার ব্যাপারটাই অনেক বড় বিষয়।”













