‘pay2tmc’, ‘রেশন হোক বা চাকরি, আগে স্ক্যান’ ভোটের ২৪ ঘণ্টা আগে রহস্যময় পোস্টারে ছেয়ে গেল শহর, অস্বস্তিতে শাসক

Published on:

Published on:

West Bengal Assembly Election 2026 QR Protest Sparks Row in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর ২৪ ঘণ্টা পর রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোট দিতে বেরোবেন রাজ্যের সাধারণ মানুষ। আর এই সময়ই রহস্যময় পোস্টার ঘিরে অস্বস্তি বাড়ল শাসকদলের। ভোটের (West Bengal Assembly Election 2026) ঠিক আগে কলকাতার রাস্তায় হঠাৎ করে দেখা গেল এক নতুন ধরনের রাজনৈতিক প্রতিবাদ। রাতারাতি শহরের নানা জায়গায় লাগানো হয়েছে “pay2tmc” নামে কিছু পোস্টার, যেখানে ডিজিটাল পেমেন্টের মতো কিউআর কোড ব্যবহার করে দুর্নীতির অভিযোগকে ব্যঙ্গ করা হয়েছে। মূলত ‘কাটমানি’ সংস্কৃতি এবং রেশন ও চাকরি নিয়ে ওঠা বিতর্ককে সামনে রেখেই এই পোস্টারগুলি তৈরি বলে মনে করা হচ্ছে। সরাসরি কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট না হলেও, বার্তাটি যে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছে, তা বোঝা যাচ্ছে সহজেই।

ভোটের মুখে শহর জুড়ে পোস্টার বিতর্ক (West Bengal Assembly Election 2026)

বুধবার সকালে বাজার এলাকা, বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেট্রো স্টেশন, শহরের একাধিক জায়গার দেওয়াল জুড়ে দেখা যায় একই ধরনের পোস্টার। সেখানে ডিজিটাল পেমেন্ট অ্যাপের আদলে তৈরি একটি কিউআর কোড, আর নিচে লেখা— “রেশন হোক বা চাকরি… স্ক্যান করুন”। এই পোস্টারগুলির নাম দেওয়া হয়েছে “pay2tmc”। ‘কাটমানি’ বা কমিশন নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বহুদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। সেই অভিযোগকেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে এই পোস্টারে।

পোস্টারগুলিতে মমতা ও অভিষেকের ছবি রয়েছে। এতে  রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ওই পোস্টারে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকেই নিশানা করা হয়েছে। যদিও মমতা ও অভিষেকের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় নি।

পোস্টারের বার্তায় বিশেষভাবে দুটি বিষয় সামনে আনা হয়েছে, চাকরি এবং রেশন। চাকরির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বহু চাকরিপ্রার্থী এখনও রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের দাবি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে।

অন্যদিকে, রেশন ব্যবস্থাতেও দুর্নীতির অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষের প্রাপ্য খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে বারবার। পোস্টারে এই দুটি বিষয় তুলে ধরে এক ধরনের রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহারও এখানে বিশেষভাবে লক্ষণীয়। সাধারণ মানুষ যেভাবে প্রতিদিন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন, সেই একই পদ্ধতিকে ব্যবহার করে প্রতিবাদের ভাষা তৈরি করা হয়েছে। ফলে বিষয়টি সহজেই নজর কাড়ছে পথচলতি মানুষের।

আরও পড়ুনঃ হাই কোর্টে বড় ধাক্কা! বেলডাঙা মামলায় হঠাৎ সরে দাঁড়াল বেঞ্চ, কেন এই সিদ্ধান্ত?

সকাল থেকে অনেকেই মোবাইলে এই পোস্টারের ছবি তুলে সমাজমাধ্যমে শেয়ার করতে শুরু করেন। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে এই ধরনের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Edited by Sharmi Dhar