বাংলা হান্ট ডেস্কঃ নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মমতা সরকারের (Mamata Banerjee) তৃতীয় মেয়াদের শেষ বাজেট পেশ (West Bengal Budget) হবে ফেব্রুয়ারীতে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই বাজেটে কী কী চমক থাকবে? আপাতত সকলের নজর সেদিকে।
অন্তর্বর্তী বাজেট পেশ হবে ২ ফেব্রুয়ারি | West Bengal Budget
বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘৩১ জানুয়ারি শেষ হবে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি করে দেওয়া হবে। রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করবে আগামী২ তারিখ। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন।’’
মাঝে শোনা যাচ্ছিল, সাধারণত রাজ্য সরকারের তরফে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে থাকলেও তৃণমূলের একটি সূত্র বলছে, এ বার অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।
তবে সম্প্রতি প্রশাসন সূত্রে খবর মিলেছে, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেই বাজেট পেশ করার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। মূলত অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা সেভাবে থাকে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
নবান্নের একটি সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে হতে পারে একাধিক বড় ঘোষণা। ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের।
আবার, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিন, রাজ্যের মুখ্য সচিবকে কড়া নির্দেশ দিয়ে চিঠি নির্বাচন কমিশনের
আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর (West Bengal 6th Pay Commission)। তারপর দশ বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।












