বাজেটে একধাক্কায় DA বাড়ানোর জল্পনা, তার আগেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা…

Published on:

Published on:

dearness allowance(115)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ডিএ (Dearness Allowance) বৃদ্ধির মুখ দেখেনি এ রাজ্যের সরকারি কর্মীরা (Government Employees)। এদিকে আর দু’দিন পর রাজ্য বাজেট। মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট এটি। ভোটমুখী রাজ্যে বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2026-27) পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটে কি বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সুখবর আসবে? বাজেটে সেই সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।

বাজেটেই ডিএ বাড়াবে রাজ্য? Dearness Allowance

ভোটের বাদ্দি বেজে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আর দু’মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য বাজেট। সাধারণ মানুষের মন জয় করতে একাধিক ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ নজর থাকতে পারে ডিএ-র দিকে, মত বিশেষজ্ঞদের।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর দাবি তুলে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে বাজেটে অর্থমন্ত্রক সরকারি কর্মীদের সুখবর দিতে পারে বলে মনে করা হচ্ছে। ৫ তারিখই ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে মমতার সরকার। জোরালো হচ্ছে জল্পনা। কিন্তু কেন? সরকার তরফে এখনও এই বিষয়ে কিছু না বলা হলেও জল্পনা বাড়ছে কারণ বিগত কয়েক বছরের ট্রেন্ড।

আগে সাধারণত বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হলেও শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাই মনে করা হচ্ছে আসন্ন বাজেটে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে রাজ্য বাজেটে।

উল্লেখ্য, ২০২৩ সালে রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এরপর ২০২৪ ও ২০২৫ এ বাজেটে ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই ধারা বজায় রেখে রাজ্য বাজেটে অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। তবে সেটা ৩ শতাংশ না ৪ শতাংশ হবে, নাকি তার চেয়ে বেশি, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।

dearness allowance(62)

আরও পড়ুন: কয়লা পাচার তদন্তে বড় অ্যাকশন! নবগ্রাম থেকে পাণ্ডবেশ্বর, সকাল থেকে একযোগে হানা ED-র

ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা | Government Employees

এদিকে বাজেট অধিবেশনের আগে সমানে ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। নিজেদের দাবি আদায়ে ফের একবার পথে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। আজ মঙ্গলবার শহিদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছেন তারা। AICPI অনুযায়ী বেতন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ, পঞ্চম পে কমিশন সহ সমস্ত বকেয়া প্রদান সহ একাধিক দাবিতে পথে নামছেন তারা। যা এই পরিস্থিতিতে রাজ্যের উপর চাপ আরও বাড়াবে বলেই মত বিশেষজ্ঞমহলের।