বাংলা হান্ট ডেস্কঃ সরকারি পেনশনভোগীদের প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে হয়। এই নথি জমা না করলে পেনশন (Pension) পাওয়ায় সমস্যা হতে পারে। পাশাপাশি অনেক সময় বেশ কিছু কারণে লাইফ সার্টিফিকেট রিজেক্টও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পুনরায় কীভাবে জীবন প্রমাণপত্র জমা করবেন জেনে নিন।
লাইফ সার্টিফিকেট রিজেক্ট হলে কী করবেন? | (Life Certificate)
লাইফ সার্টিফিকেট জমা দিতে গেলে আগে ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হত। বর্তমানে অবশ্য অনলাইনেই এই কাজ করা যাচ্ছে। তবে অনেক সময় দেখা যায়, তথ্য সংক্রান্ত বা প্রযুক্তিগত ভুলের কারণে কোনও পেনশনভোগীর জীবন প্রমাণপত্র গ্রহণ করা হচ্ছে না। এমনটা হলে সেই ভুল সংশোধন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফের এই নথি জমা করা সম্ভব।

কোনও পেনশনভোগীর লাইফ সার্টিফিকেট রিজেক্ট হয়ে গেলে প্রথমে রিজেকশনের কারণ জানা উচিত। জীবন প্রমাণ পোর্টাল https://jeevanpramaan.gov.in/v2.0/ -এর মাধ্যমেই তা জানা সম্ভব।
আরও পড়ুনঃ তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারের ঘটনায় CBI তদন্ত হোক! হাইকোর্টে বিধায়ক শামিম আহমেদ
এরপর যে কারণে লাইফ সার্টিফিকেট রিজেক্ট হয়েছে তা সংশোধন করা উচিত। ভুল সংশোধনের পর ফের ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা যায়। এক্ষেত্রে পোস্ট অফিস, ব্যাঙ্ক, নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা অনুমোদিত জীবন প্রমাণ কেন্দ্রে গিয়ে সাহায্য নেওয়া যেতে পারে।
লাইফ সার্টিফিকেট বাতিল হওয়ার বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। কোনও পেনশনভোগী আধার কার্ড ও পেনশন রেকর্ডে নাম, জন্মতারিখ বা অন্যান্য কোনও তথ্যে অসঙ্গতি থাকলে, ভুল পিপিও নম্বর দিলে বা রেকর্ডের সঙ্গে সঙ্গতি না থাকলে, পেনশন অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সঠিকভাবে আপডেট না থাকলে, ফেস অথেন্টিকেশন বা ফিঙ্গারপ্রিন্টের সময় প্রযুক্তিগত সমস্যা হলে ও জীবন প্রমাণ পোর্টাল বা সংশ্লিষ্ট সিস্টেমে সাময়িক কোনও সমস্যা হলে লাইফ সার্টিফিকেট বাতিল হতে পারে।
তবে এমনটা হলেও পেনশনভোগীদের চিন্তার কিছু নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে ফের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব। যে কারণে জীবন প্রমাণপত্র বাতিল হয়েছে তা সংশোধন করে ফের তা জমা করে দেওয়া যেতে পারে।












