বাংলাহান্ট ডেস্ক : বাংলার সাহিত্য জগতে আজ এক অন্ধকারময় দিন। প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক শংকর (Mani Shankar Mukherjee)। শুক্রবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বয়সজনিত অসুখে। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ‘মণি’হারা হল সাহিত্য সমাজ।
খুব কম বয়সেই লেখক হিসেবে পরিচিতি পান শংকর (Mani Shankar Mukherjee)
মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে তিনি জনপ্রিয় ছিলেন সাহিত্যিক শংকর নামে। ১৯৩৩ সালে বনগাঁয় জন্ম তাঁর। কিন্তু কম বয়সেই সপরিবারে বনগাঁ থেকে হাওড়ায় চলে আসেন তাঁরা। খুব ছোট বয়স থেকেই সংসারের সংগ্রামে নাম লেখাতে হয়েছিল তাঁকে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে করেছেন নানান কাজ। একসময় কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও চাকরি করেছেন, যা তাঁর প্রথম বই ‘কত অজানারে’র উপজীব্য।

কালজয়ী উপন্যাস চৌরঙ্গী: ১৯৫৫ সালে প্রকাশিত হওয়া সেই বই পাঠকমহলে প্রতিষ্ঠিত করে সাহিত্যিক শংকরকে (Mani Shankar Mukherjee)। এরপর আর থামেনি তাঁর কলম। একে একে পাঠকদের উপহার দিয়েছেন সীমাবদ্ধ, জন অরণ্যর মতো লেখা। তবে তাঁকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল ‘চৌরঙ্গী’, যা এতগুলি দশক পেরিয়ে এসেও ‘বেস্টসেলার’।
আরও পড়ুন : হাতে আর মাত্র ৬ দিন, আপনার এলাকায় কোথায় হচ্ছে যুব সাথীর ক্যাম্প? জেনে নিন বাড়ি বসেই
উপন্যাস নিয়ে হয়েছে ছবিও: শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি শংকরের সৃষ্টি। তাঁর একাধিক উপন্যাস জায়গা পেয়েছে সেলুলয়েডের পর্দায়। কিংবদন্তি সত্যজিৎ রায় তৈরি করেছেন ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’। ১৯৬৮ সালে মুক্তি পায় পিনাকীভূষণ মুখোপাধ্যায়ের পরিচালনায় উত্তম কুমার অভিনীত শংকরের উপন্যাস অবলম্বনে ‘চৌরঙ্গী’। বাংলা চলচ্চিত্র জগতে এও এক কালজয়ী ছবি। পরিচালক ঋত্বিক ঘটক চেয়েছিলেন ‘কত অজানারে’ উপন্যাসটিকে ছবিতে রূপান্তরিত করতে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।
আরও পড়ুন : সপ্তাহান্তে চরমে ভোগান্তি, শিয়ালদহ শাখায় একসঙ্গে বাতিল ২৩ টি লোকাল! দেখুন লিস্ট
তাঁর সৃষ্টি বহু পুরস্কারও এনে দিয়েছে সাহিত্যিক শংকরকে। ১৯৯৩ সালে ‘ঘরের মধ্যে ঘর’ এর জন্য পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। ‘একা একা একাশি’র জন্য ২০২১ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি। সাহিত্যিক শংকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।













