চলে এল বাংলাদেশের নির্বাচন! অথচ, নিজের এই বড় প্রতিশ্রুতি পূরণ করলেন না ইউনূস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আসন্ন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে (Bangladesh) অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। এর সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদও। নির্বাচন শেষে ক্ষমতায় আসবে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার। এই আবহে ফের আলোচনায় উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি—উপদেষ্টাদের সম্পত্তির হিসাব প্রকাশ। কিন্তু সরকার গঠনের প্রায় দেড় বছর পরেও সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ এখনও সামনে আসেনি।

বাংলাদেশের (Bangladesh) নির্বাচনের আগে প্রতিশ্রুতি রাখল না ইউনূস

শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪ সালের ৮ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের সব উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। সে সময় এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল রাজনৈতিক ও নাগরিক সমাজের একাংশ।

আরও পড়ুন: টাকার অভাবে বাধ্য হন স্কুল ছাড়তে! আজ তিনিই ডেলয়েটের CEO, অবাক করবে পুনিতের কাহিনি

তবে বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন এখনও দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের মুখে দাঁড়িয়েও কোনও উপদেষ্টার সম্পত্তির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, অধিকাংশ উপদেষ্টাই তাঁদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন, কিন্তু তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান এবং আগের আয়কর বছরে সবাই রিটার্ন জমা দিয়েছিলেন।

২০২৪ সালের ২৫ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া আর এক ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের জন্য অধ্যাদেশ আনার কথাও বলেন তিনি। পরে ১ অক্টোবর জারি করা হয় ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’।

Yunus breaks his promise ahead of the elections in Bangladesh!

আরও পড়ুন: ঘুরে গেল পরিস্থিতি! ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য এবার পাকিস্তানের কাছে আর্জি বাংলাদেশের

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। এ ছাড়া বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আরও কয়েকজন সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি সরকারের দায়িত্বে রয়েছেন। অর্থনীতিবিদ ও দুর্নীতিবিরোধী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মতে, এই সরকারের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচন আসন্ন হলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে বলেই মত তাঁদের।