বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সেপ্টেম্বরের কিস্তি পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ওই দিন আবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবসও পালিত হবে। এবার তার আগেই এই প্রকল্প থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রানি রথের মনোনয়ন পেশের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)
অগাস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৮ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। সেই তালিকায় কতজন সংখ্যালঘু মহিলা ছিলেন। এবার তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বলেন, সংখ্যালঘুরা তাঁকে ভোট না দিলেও উন্নয়নের ক্ষেত্রে তিনি কোনও ভেদাভেদ করেন না বা আগামীদিনেও করবেন না।
আরও পড়ুনঃ পুজোর আগেই শুরু যুবশক্তির আবেদন! বেকারভাতা কবে থেকে ঢুকবে? জানুন বড় আপডেট
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে প্রায় ২৭ শতাংশ ও রেজিনগরে প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। এবার সুযোগ রয়েছে। ভোট দিলে আমরা হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলব। সবাই উন্নয়নের সুযোগ পাচ্ছেন, আগামীদিনেও পাবেন।“
এরপর অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা সহ নানা সরকারি প্রকল্পের পরিসংখ্যান উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আবাসের বাড়িতে প্রায় ৫৪ লক্ষ নাম উঠেছে। এর মধ্যে প্রায় ১৩-১৪ লক্ষ সংখ্যালঘু উপভোক্তার নাম রয়েছে। অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন। শীঘ্রই সেপ্টেম্বরের টাকা ঢুকবে। সেখানেও প্রায় ২০ লক্ষ সংখ্যালঘু উপভোক্তা আছেন। আমরা মোদীজির সৈনিক। উন্নয়নে কোনও রকম ভেদাভেদ করি না।“

রাজ্যে ক্ষমতায় এসেই তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। নতুন প্রকল্পে আর্থিক সহায়তা ও কড়াকড়ি দু’টোই অবশ্য বেশি। এবার সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের এক বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













