বাংলা হান্ট ডেস্কঃ কোটি কোটি কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর। প্রভিডেন্ট ফান্ড (EPFO) তুলতে আর লম্বা লাইনে দাঁড়ানো বা জটিল প্রক্রিয়ার ঝামেলা পোহাতে হবে না। কেন্দ্রের নতুন উদ্যোগে ইপিএফ থেকে টাকা তোলা আরও সহজ হতে চলেছে। খুব শীঘ্রই পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে, যার সরাসরি সুবিধা পাবেন দেশের প্রায় ৮ কোটি কর্মচারী।
UPI-এর মাধ্যমে ইপিএফের (EPFO) টাকা তোলা যাবে
কেন্দ্রীয় সরকার এবং Employees’ Provident Fund Organisation (EPFO) পিএফ ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করতে একাধিক বড় পরিবর্তনের পথে হাঁটছে। সেই পরিবর্তনেরই অংশ হিসেবে, আগামী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে ইপিএফের টাকা তোলার ব্যবস্থা চালু হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, শ্রম মন্ত্রক চায় পিএফ থেকে টাকা তোলার পুরো প্রক্রিয়াটাই হোক সম্পূর্ণ ডিজিটাল। সেই লক্ষ্যেই ইউপিআই-কে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় ইপিএফ গ্রাহকরা তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (EPFO) থেকে টাকা তুলে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য ব্যবহার করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউপিআই পিন। টাকা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলে, সেই টাকা ইউপিআই পেমেন্ট, এটিএম থেকে তোলা বা ডেবিট কার্ডে খরচ, সবই করা যাবে।
সূত্রের খবর, ইপিএফে (EPFO) জমা মোট টাকার একটি অংশ ‘ফ্রিজ’ করা থাকবে, অর্থাৎ সেই অংশ তোলা যাবে না। তবে বাকি যে অংশ তোলার অনুমতি থাকবে, সেটি ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। গ্রাহকরা নিজেদের ইপিএফ অ্যাকাউন্টেই দেখতে পারবেন, কত টাকা তোলা যাবে।
ইপিএফ (EPFO) ব্যবস্থাকে সহজ করার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে এবং আবেদনের প্রসেসিংয়ের সময়ও কমানো হয়েছে। চলতি বছর থেকেই এটিএমের মাধ্যমে পিএফের টাকা তোলার সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে নাটকীয় মোড়, কলকাতা হাই কোর্টের নির্দেশে লাগাম টানল সুপ্রিম কোর্ট
বর্তমানে ইপিএফ (EPFO) থেকে টাকা তুলতে আবেদন করতে হয়, যা অনেক সময় দীর্ঘ প্রক্রিয়ার হয়ে দাঁড়ায়। যদিও কিছু ক্ষেত্রে অটো-সেটলমেন্ট মোডে তিন দিনের মধ্যেই টাকা পাওয়া যায়। এখন সেই অটো-সেটলমেন্টের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে বা বাড়ি তৈরির মতো প্রয়োজনে আবেদন করলে তিন দিনের মধ্যেই পিএফের টাকা মেলে। এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে, সারা দেশের প্রায় ৮ কোটি ইপিএফও গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

















